শাপমুক্তি শ্রীলঙ্কা ক্রিকেটের! আচমকা কেন নির্বাসন তুলে নিল আইসিসি?
ICC Lifted The Ban On Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটের শাপমুক্তি। আজ থেকেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিল আইসিসি।
শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় সরাসরি সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর সাসপেনশন জারি করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে পরিস্থিতি বদলাতেই উঠে গেল সেই নির্বাসন।

গত বছরের নভেম্বরের ১০ তারিখ শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্বাসিত করেছিল আইসিসি। আইসিসির সদস্য দেশ হিসেবে যেসব নিয়ম মানার প্রয়োজন, সেক্ষেত্রে বড় ধরনের নিয়ম লঙ্ঘন হয়েছিল। আইসিসি সাফ জানিয়ে দেয়, ক্রিকেট বোর্ডের পরিচালনা স্বশাসিতভাবে করতে হবে, সরকারি হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
যদিও আইসিসি বিবৃতিতে জানিয়েছে, সাসপেনশন জারির পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালনার উপর লক্ষ্য রাখা হয়েছে। এখন সব রকম নিয়ম মেনেই বোর্ড পরিচালিত হচ্ছে, এই বিষয়ে সন্তুষ্ট আইসিসি। সে কারণেই নির্বাসন প্রত্যাহারের সিদ্ধান্ত। শ্রীলঙ্কা ক্রিকেটের উপর এই নির্বাসন জারি হওয়ায় অনূর্ধ্ব ১০ বিশ্বকাপ সরে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়।
শ্রীলঙ্কা ক্রিকেটে যে সরকারি হস্তক্ষেপ দেশের ক্রিকেটকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে সে ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কেন না, আইসিসি যে এই বিষয়গুলি বরদাস্ত করবে না সেটাও জানানো হয়েছিল। আইসিসি সাসপেনশন জারি করায় সরকারও বুঝতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে সঠিক বার্তাই মিলছিল।
যদিও শ্রীলঙ্কার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট যাতে কোনওভাবে ক্ষতির মুখে না পড়ে, সেজন্য সব ধরনের ক্রিকেট চালিয়ে যাওয়ার অনুমতির দিয়েছিল আইসিসি। শুধু আইসিসির যে বাৎসরিক অনুদান বোর্ড পায় সেটা নির্বাসন না ওঠা অবধি আটকে থাকবে বলে জানানো হয়েছিল।
শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে শ্রীলঙ্কা বোর্ডের সব সদস্যকে সরিয়ে দিয়ে অর্জুন রণতুঙ্গার নেতৃত্বাধীন কমিটির হাতে অন্তর্বর্তীকালীনভাবে বোর্ড পরিচালনার দায়িত্ব দিয়েছিল। যাতে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার আদালত। ডিসেম্বরে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো নির্বাচিত বোর্ড আধিকারিকদেরই স্বপদে ফেরান।
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে উপুল থরঙ্গার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী গড়ে দেওয়া হয়েছে। অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সারাম, থরঙ্গা পারানাভিতানা ও দিলরুয়ান পেরেরা নির্বাচকের পদে এসেছেন। বিগত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালনায় অব্যবস্থা ও আর্থিক অসঙ্গতির অভিযোগ জমা পড়েছিল আইসিসির কাছে। এবারের ধাক্কা থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট আগামী দিনে সঠিকভাবে চলে কিনা তা বলবে সময়ই।












Click it and Unblock the Notifications