ICC's Plan For Tests: টেস্ট ক্রিকেটকে বাঁচাতে বৈপ্লবিক পদক্ষেপের দিকে আইসিসি, বিপুল অঙ্কের তহবিল গঠনের ভাবনা
ICC's Plan To Save Tests: টেস্ট ক্রিকেটকে বাঁচানোর লক্ষ্যে আইসিসির উদ্যোগ। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা শুরু। সেই প্রস্তাবকে সমর্থন করেছে বিসিসিআই ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবির সমর্থন পেয়ে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার পথ মসৃণ জয় শাহ-র। জয় নিজেও ভারতে টেস্ট ক্রিকেটের প্রতি সকলকে আকৃষ্ট করতে বেশ কিছু পদক্ষেপ করেছেন।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ধনী বোর্ডগুলি ক্রিকেটারদের পর্যাপ্ত পরিমাণ বেতন দেয়। ফলে টেস্ট ক্রিকেটের জন্য আইসিসির যে তহবিল গড়ার পরিকল্পনার কথা সামনে আসছে তা থেকে এই তিনটি দেশের আর্থিকভাবে আরও লাভবান হওয়ার প্রয়োজনীয়তা নেই।
ওয়েস্ট ইন্ডিজ-সহ কয়েকটি দেশের অনেক ক্রিকেটারই ঝুঁকছেন বিশ্বের নানা টি২০ লিগের দিকে। টেস্ট খেলতে অনেকেরই অনীহা। তার মূল কারণ সেই আর্থিক বিষয়টিই। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়াই প্রথম আইসিসিকে প্রস্তাব দেয় টেস্ট ক্রিকেটের জন্য তহবিল গঠনের।
জানা যাচ্ছে, ১৫ মিলিয়ন মার্কিন ডলারের টেস্ট ক্রিকেট ফান্ড গড়তে চলেছে আইসিসি। যা থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি যেমন দেওয়া হবে, তেমনই আর্থিকভাবে পিছিয়ে থাকা বোর্ডগুলির টেস্ট ক্রিকেটের সফরের জন্য আর্থিক সহযোগিতা করা হবে।
প্রতিবেদনে উল্লেখ, এই তহবিল গঠনের পর প্রতিটি ক্রিকেটারের ন্যূনতম টেস্ট ম্য়াচ ফি নির্ধারণ করা হবে, যা হবে অন্তত ১০ হাজার মার্কিন ডলার। বিদেশ সফরের জন্য ব্যয়ভার নিয়েও দুশ্চিন্তা কমাবে এই তহবিল। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের জন্য বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটারদের জন্য ইনসেনটিভ চালু করেছে।
গত জানুয়ারিতে আইসিসিকে প্রস্তাব দেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড টেস্ট ক্রিকেটের জন্য ফান্ড গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, নানা বাধা ও প্রতিকূলতাকে পেরিয়ে টেস্ট ক্রিকেটকে সেরার সেরা রাখতে সকলকে উৎসাহিত করতে হবে। টেস্ট ক্রিকেটের বর্ণময় ইতিহাস ও ঐতিহ্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে সাদা বলের ক্রিকেটের পাশাপাশি টেস্টও স্বমহিমায় থাকতে পারে।
তবে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা তহবিল কত পরিমাণ অর্থ দিয়ে গড়া হবে তা নির্ভর করছে আরেকটি বিষয়ের উপর। ২০২২ সালে আইসিসির সঙ্গে সম্প্রচার স্বত্ত্বের চুক্তি হয়েছিল স্টারের। ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সেই চুক্তির পরিমাণ এখন কমিয়ে অন্তত অর্ধেক করতে চাইছে সেই সম্প্রচার সংস্থা। ফলে এই বিষয়টির মীমাংসার দিকেও তাকিয়ে আইসিসি।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আকৃষ্ট করতে বিসিসিআই যে ইনসেনটিভ চালু করেছে তাতে অক্টোবর থেকে পরের বছরের সেপ্টেম্বর অবধি যিনি ভারতের হয়ে ৭৫ শতাংশ টেস্ট ম্যাচ খেলবেন তিনি পাবেন টেস্ট প্রতি ৪৫ লক্ষ টাকা, সেই সঙ্গে টেস্ট ম্যাচ ফি-র ১৫ লক্ষ টাকা। যাঁরা ৫০ থেকে ৭৫ শতাংশ টেস্ট খেলবেন তাঁরা প্রতি ম্যাচে বোনাস হিসেবে পাবেন ৩০ লক্ষ টাকা করে। প্রথম একাদশে যাঁরা থাকবেন না, কিন্তু দলে আছেন, এমন ক্রিকেটারদের বোনাসের পরিমাণ অর্ধেক।












Click it and Unblock the Notifications