টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল খেলা হবে এই মাঠে, লর্ডসের প্রতীক্ষা বাড়ল আরও দু'বছর
টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল খেলা হবে এই মাঠে, লর্ডসের প্রতীক্ষা বাড়ল আরও দু'বছর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোন মাঠে খেলা হবে জানিয়ে দিল আইসিসি। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০২৩ এবং ২০২৫-এর ফাইনালের ভেন্যু।

২০২৩-এর ফাইনাল পেল ওভাল, লর্ডসে হবে ২০২৫-এর ফাইনাল:
আইসিসি জানিয়েছে ২০২১-২০২৩ সাইকেলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে ওভালে এবং ২০২৩-২০২৫-এর সাইকেলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ঐতিহ্যশালী লর্ডসে। ২০২৩ সালের ফাইনাল লর্ডসে হতে পারে এমনটা মনে করা হচ্ছিল। আইসিসির মুখ্য আধিকারিক জিওফ এলারডিস বলেছেন, "আমরা আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে আয়োজন করতে চলেছি যার দুর্দান্ত ঐতিহ্য এবং অসাধারণ পরিবেশ রয়েছে যা ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য উপযুক্ত। ২০২৫ সালের ফাইনাল আমরা আয়োজিত করব লর্ডসে।"

শীর্ষে অস্ট্রেলিয়া:
বর্তমান সাইকেলে ৮৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দশ ম্যাচের মধ্যে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ৬টি জিতেছে, ৩টি ড্র করেছে এবং ১টি হেরেছে। ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের নেতৃত্বাধীন দল ৬টি টেস্টে জিতেছে এবং ৪টি টেস্টে পরাজিত হয়েছে।

ঐতিহাসিক প্রথম টেস্ট চ্যাম্পিয়শিপ জেতে নিউজিল্যান্ড:
প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয় সাউদ্যাম্পটনে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। প্রথম বার ঐতিহ্যশালী টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। জিওফ এলারডিস বলেছেন, "গত বছর নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে আকর্ষণীয় ফাইনাল আয়োজিত হয়েছিল এবং আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল যা ওভালে হতে চলেছে তার জন্য মুখিয়ে থাকবে। আইসিসি'র পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেরিলবোন ক্রিকেট ক্লাবকে।" ফাইনাল ম্যাচের দিন এখনও ঘোষণা করা হয়নি।

শেষের দিকে আরও জমে উঠবে আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ:
২০২১-২০২৩ সার্কেলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই জমে উঠবে এই সার্কেলের শেষের দিকে। বিশেষ করে যখন অস্ট্রেলিয়া দল ভারত সফরে আসবে ২০২৩ সালে। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আশা করা যায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার উপর দাপট দেখিয়ে প্রথম দুইয়ে শেষ করার জন্য মরিয়া চেষ্টা চালাবে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications