ICC CWC 2023: গাভাসকর থেকে সচিন-বিরাট! নভেম্বরের ৫ ভারতের তারকা-ত্রয়ীর কাছে কেন গুরুত্বপূর্ণ দিন?
ICC CWC 2023: বিরাট কোহলির জন্মদিন নভেম্বরের ৫ তারিখ। সেই বিষয়টি আরও স্মরণীয় হয়ে রইল ইডেনে বিশ্বকাপে দায়িত্বশীল শতরানের সৌজন্যে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সেঞ্চুরি দিয়ে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন কিং কোহলি।
তবে বিরাট কোহলির জন্মদিন বা তাঁর ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড স্পর্শের জন্যই এই বিশেষ দিনটির তাৎপর্য, তা ঠিক নয়। এই দিনেই ঘটেছে এমন কিছু ঘটনা যা ভারতীয় ক্রিকেটকেও প্রভাবিত করেছে।

সুনীল গাভাসকরের পর ভারতীয় ক্রিকেটে আবির্ভাব হয়েছিল সচিন তেন্ডুলকরের। লিটল মাস্টারের পর যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মাস্টার ব্লাস্টার নামে। আবার সচিনের ক্রিকেট কেরিয়ারের মধ্যেই ভারতীয় ক্রিকেট পেয়ে যায় বিরাট কোহলিকে। কিং কোহলি বা চেজমাস্টার নামে যিনি ভক্তদের কাছে জনপ্রিয়।
গাভাসকরের পর সচিন, সচিনের পর বিরাট কোহলি। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে এক কিংবদন্তির অভাব মিটিয়েছেন আরেক কিংবদন্তি। বিরাট কোহলির পর কে? আপাতত ফর্ম, চারিত্রিক দৃঢ়তা দেখে অনেক বিশেষজ্ঞই নিচ্ছেন শুভমান গিলের নাম। তাঁদের মতে, গিলের মধ্যেই কিংবদন্তি হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। যদিও পথ বাকি অনেকটাই।
সুনীল গাভাসকর ১৯৮৭ সালে অবসর নিয়েছিলেন। শেষ টেস্ট খেলেন পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে, যা শেষ হয়েছিল ১৭ মার্চ। এরপর নভেম্বরের ৫ তারিখ শেষ ওডিআই খেলেন সানি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে নভেম্বরের ৫ তারিখ শেষবার মাঠে দেখা গিয়েছিল ক্রিকেটার সানিকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল নভেম্বরের ১৫ তারিখ পাকিস্তানের করাচিতে। প্রথমে টেস্ট অভিষেক। এরপর ডিসেম্বরে ওই সফরেই একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় সচিনের। তবে মজার ব্যাপার হলো, সচিনের জীবনেও ৫ নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কেন না, সেদিনই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন সচিন।
সচিন যেদিন ভারতীয় দলে প্রথমবার ডাক পান তার ঠিক এক বছর আগে জন্ম বিরাট কোহলির। ১৯৮৮ সালের ৫ নভেম্বর। ফলে গাভাসকর যেদিন শেষবার ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন, তার ঠিক এক বছর পর বিরাটের জন্ম। আবার বিরাটের জন্মের ঠিক এক বছরের মাথাতেই সচিনকে ভারতীয় দলে সুযোগ দেন নির্বাচকরা। ফলে ভারতীয় ক্রিকেটের তিন নক্ষত্রের সঙ্গে জড়িয়ে থাকা এই দিনটির তাৎপর্য ছিলই। যা উজ্জ্বলতর হলো বিরাটের জন্মদিনের রেকর্ড স্পর্শ করা শতরানে।












Click it and Unblock the Notifications