ICC World Cup 2023: ডাচ-আফগানদের থেকে শিক্ষা, শাকিবদের বিরুদ্ধে নামার আগে কোহলির মুখে অঘটনের সতর্কতা
বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। বৃহস্পতিবার পুণেতে টাইগারদের মুখোমুখি হবে রোহিত ব্রিগেড। খাতায় কলমে, ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দেওয়ার নজির আছে পদ্মাপারের দলটির। অতীত থেকে শিক্ষা নিয়েছেন বিরাট কোহলিও।
এবার বিশ্বকাপে ইতিমধ্যেই ঘটে গিয়েছে দুটি অঘটন। আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পর মঙ্গলবার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসও। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কোহলির মুখেও অঘটনের সতর্কতা। বৃহস্পতিবার ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে কোহলি জানিয়ে দিলেন কখন, কীভাবে অঘটন ঘটতে পারে?

প্রাক্তন ভারত অধিনায়কের বাংলাদেশের বিরুদ্ধে পারফরম্যান্স বেশ চমকপ্রদ। কোহলি বাংলাদেশের বিরুদ্ধে মোট ১৫টি ওয়ান ডে ম্যাচে মোট ৮০৭ রান করেছেন। মোট ৬৭.২৫ গড়ে ব্যাটিং গড়েছেন।পুণের মাঠে বিরাটের ৭টি একদিনের ম্যাচে ঝুলিতে রয়েছে মোট ৪৪৮ রান। ২টো শতরান হাঁকিয়েছেন ও ৬৪ গড়ে ব্যাটিং করেছেন।
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অতীত পরিসংখ্যান মাথায় রাখছেন না কোহলি। তাঁর কথায়, 'বিশ্বকাপে বড় কোনও দল নেই। যখনই আপনি শুধুমাত্র বড় দলগুলিতে ফোকাস করা শুরু করবেন, তখনই একটি বিপর্যয় ঘটে।' আফগানিস্তান-ডাচদের ঘটিয়ে দেওয়া অঘটন থেকে শিক্ষা নিয়েছে টিম ইন্ডিয়াও। তারই ধ্বনি শোনা গেল কোহলির মুখে?
ভারত বাংলাদেশ ম্যাচ মানেই চুম্বকে উঠে আসে দুটি নাম। এক বিরাট কোহলি, দুই শাকিব আল হাসান। ব্যতিক্রম নয় এই ম্যাচেও। কিন্তু মাঠের লড়াইয়ের আগে দুই তারকাই একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
শাকিব প্রসঙ্গে কোহলি বলেন, 'কয়েক বছর ধরে, আমি ওর বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। শাকিব আল হাসান খুবই অভিজ্ঞ বোলার। সে নতুন বলে খুব ভালো বোলিং করে, ব্যাটসম্যানকে বিপাকে ফেলার কৌশল জানেন, সেই সঙ্গে রানও কম খরচ করেন। আপনাকে এই সমস্ত বোলারদের বিরুদ্ধে সেরাটা দিতে হবে, এবং সেরাটা দিতে না পারলে এই বোলারদের বলেই আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।'

অন্যদিকে কোহলি প্রসঙ্গে শাকিব বলেন, 'বিরাট একজন বিশেষ ব্যাটসম্যান, সম্ভবত বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। আমি মনে করি আমি ভাগ্যবান তাঁকে ৫ বার আউট করতে পেরেছি। অবশ্যই, এটা আমাকে খুব আনন্দ দেয় কোহলির উইকেট নেওয়া।'












Click it and Unblock the Notifications