ICC World Cup 2023: বিরাটের ওডিআই ও টি ২০ আন্তর্জাতিকে রয়েছে ৮ উইকেট! তাবড় ব্যাটাররা হয়েছেন কোহলির শিকার
ICC World Cup 2023: পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে নেটে বল করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু হার্দিক পাণ্ডিয়া তিনটি বল করার পর গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়ার পরই দেখা গেল বোলার বিরাট কোহলিকে।
হার্দিকের ওভারের বাকি তিনটি বল করেন কিং কোহলি। ২০১৭ সালের পর ফের কোনও ওডিআইয়ে বিরাটকে বল করতে দেখা গেল। জানেন কি, আন্তর্জাতিক ক্রিকেটে আটটি উইকেট রয়েছে কিং কোহলির?

বিরাট একদিনের আন্তর্জাতিকে প্রথম উইকেট নেন ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর। কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান খরচ করে বোল্ড করে দিয়েছিলেন অ্যালাস্টেয়ার কুককে। এরপর ২০ অক্টোবর মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনি ৩ ওভার বল করেন, ২০ রান দেন। সেই ম্যাচে বোল্ড করেছিলেন ক্রেগ কিজওয়েটারকে।
২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভারে ১৫ রান দিয়ে তিনি তুলে নিয়েছিলেন কুইন্টন ডি ককের উইকেট, সেই ম্যাচে প্রোটিয়া ওপেনার শতরান করেছিলেন। বিরাটের বলে তাঁরই হাতে ক্যাচ দেন ডি কক।
বিরাট ওডিআইয়ে শেষবার উইকেট পেয়েছেন ২০১৪ সালের ৩১ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ ওভার হাত ঘোরান, ৩৬ রান খরচ করে আউট করেছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে। বিরাটের বলে ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিকে বিরাট প্রথমবার বল করেছিলেন ২০০৯ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে।

বিশ্বকাপে বিরাট প্রথমবার বল করেন ২০১১ সালের বিশ্বকাপে। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১ ওভার বল করে ৬ রান দিয়েছিলেন। সেমিফাইনালে বল করেননি। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে ১ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দেন।
২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাত ঘোরাতে দেখা দিয়েছিল বিরাটকে। ১ ওভার বল করে সাত রান দিয়েছিলেন। ২০১৭ সালের পর এদিনই প্রথম ওডিআইয়ে বল করতে দেখা গেল বিরাটকে।
বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকে চারটি উইকেট নিয়েছেন। ২০১১ সালে ম্য়ানচেস্টারে পান টি ২০ আন্তর্জাতিকে প্রথম উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছিলেন কেভিন পিটারসেনের উইকেট, স্টাম্প করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর ২৯ অক্টোবর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ২.৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দেন, সমিত প্যাটেলের উইকেটটি পেয়েছিলেন।
২০১২ সালের টি ২০ বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ৩ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট পান। বিরাট বোল্ড করেছিলেন অধিনায়ক মহম্মদ হাফিজকে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট ১.৪ ওভার বল করে ১৫ রান দেন। তুলে নিয়েছিলেন জনসন চার্লসের উইকেট।
বিরাট ১১১টি টেস্ট খেলেছেন, ১১টি ইনিংসে মোট ২৯.১ ওভার করেছেন। ২টি মেডেন, ৮৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। টেস্টে বিরাটকে শেষবার বল করতে দেখা গিয়েছে ২০২০ সালে। টি ২০ আন্তর্জাতিকে গত বছর এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ১ ওভার বল করেন বিরাট, ৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications