ICC CWC 2023 Final: ট্রাভিস হেড চলতি বছর আইসিসি ইভেন্টে গড়লেন অভাবনীয় কীর্তি, ভারতের গ্রাস কাড়লেন ২ বার
ICC CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এই নিয়ে ষষ্ঠবার। ১২০ বলে ১৩৭ রান করে ম্যাচের সেরা হলেন ট্রাভিস হেড।
তবে অজি ওপেনার যে শুধু ব্যাট হাতে চাপ সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন তা নয়, গ্লেন ম্যাক্সওয়েলের বলে পিছনের দিকে অনেকটা দৌড়ে যেভাবে রোহিত শর্মার ক্যাচ তালুবন্দি করলেন হেড, তাও ফারাক গড়ে দিল এই ম্যাচে।

ট্রাভিস হেড চলতি বছর আইসিসি ইভেন্টে অভাবনীয় কীর্তিও গড়ে ফেললেন। দু-বার ভারতের গ্রাস কেড়ে নিয়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করে। একই বছরে এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেও পরাস্ত হলো ভারত। ২০১৩ সাল থেকে ভারতের আইসিসি ট্রফি জয়ের যে খরা চলছে তা অব্যাহত রইল আজও।
গত জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ২০৯ রানে হারিয়ে দিয়েছিল। ওভালে সেই টেস্টের প্রথম ইনিংসে পাঁচে নেমে ট্রাভিস হেড ১৭৪ বলে সর্বাধিক ১৬৩ রান করেছিলেন। ২৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে। সেই ইনিংস খেলার পর মহম্মদ সিরাজের বলেই আউট হন হেড। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৭ বলে ১৮।
এই পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পান হেড। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালেও হাফ সেঞ্চুরি করার পাশাপাশি ২১ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন হেড। ফাইনালেও তিনিই দখলে নিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
অস্ট্রেলিয়া ষষ্ঠবার বিশ্বকাপ জেতার পর হেড বলেন, দারুণ দিন গেল। এমন অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে রোমাঞ্চিত। বিশ্বকাপ জিততে পেরে ভালো লাগছে। কিছুটা নার্ভাস ছিলাম। তবে মার্নাস লাবুশেন দারুণ খেলেছেন, চাপ আত্মস্থ করে নিয়ে। মিচেল মার্শ যেভাবে খেলা শুরু করেছিলেন সেই এনার্জিটাই দরকার ছিল।
অধিনায়ক প্যাট কামিন্সের সাহসী সিদ্ধান্ত ছিল টস জিতে ফিল্ডিং নেওয়ার। হেড বলেন, এটা দারুণ সিদ্ধান্ত ছিল। খেলা যত গড়িয়েছে উইকেট ততই ভালো হয়েছে। আমি চেষ্টা করে গিয়েছি যতক্ষণ সম্ভব ক্রিজে কাটিয়ে দলের হয়ে অবদান রাখতে। গ্যালারিভর্তি দর্শকের সামনে তা করতে পেরে ভালো লাগছে। বিশ্বকাপ ফাইনালে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের পর তৃতীয় অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে ম্যাচের সেরার স্বীকৃতিও উপভোগ করছেন হেড।












Click it and Unblock the Notifications