ICC CWC 2023 Final: হিমশীতল মস্তিষ্কে হেডের স্মরণীয় শতরান, মোদী-শাহর সামনে ষষ্ঠ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার
ICC CWC 2023 Final: ২০০৩ সালের পুনরাবৃত্তি ২০২৩-এ। রোহিত শর্মার ভারতের পক্ষে নেওয়া সম্ভব হলো না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে চূর্ণ করে ষষ্ঠবার বিশ্বকাপ খেতাব জিতল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন ট্রাভিস হেড। হিমশীতল মস্তিষ্কে চাপ সামলে খেললেন স্মরণীয় ও দায়িত্বশীল ইনিংস। বলা ভালো, ট্রাভিস হেড একাই হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর ওডিআই দল ভারতকে।

২০০৩ ও ২০০৭ সালে টানা ১১টি করে ম্যাচ জিতে বিশ্বকাপ খেতাব দখলে নিয়েছিল অস্ট্রেলিয়া। টানা ১১টি ম্যাচ জিতে কাপ জেতার সেই অজি-কীর্তি স্পর্শের হাতছানি ছিল রোহিত শর্মাদের কাছেও। যদিও শেষরক্ষা হলো না। টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। ৫০ ওভারে ওঠে ২৪০ রান। ডিউ ফ্যাক্টরে যা পর্যাপ্ত ছিল না।
তবুও সপ্তম ওভারে ৪৭ রানে অজিরা তৃতীয় উইকেট হারানোয় নড়েচড়ে বসেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু ডিউ ফ্যাক্টর হলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে যায়। ফলে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের জুটি আর ভাঙতে পারেনি মেন ইন ব্লু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাঠে ছিলেন শুরু থেকেই। পরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সামনেই হারল ভারত।
১৫টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১২০ বলে ১৩৭ রান করে ট্রাভিস হেড যখন আউট হলেন মহম্মদ সিরাজের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে, তখন অস্ট্রেলিয়ার জিততে দরকার ৪৩ বলে ২ রান। পরের বলেই উইনিং শট এলো গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। চারটি চারের সাহায্যে ১১০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন মার্নাস লাবুশেন।
অস্ট্রেলিয়াকে ফাইনালে এমন দুজন জেতালেন যাঁদের একজন বিশ্বকাপের প্রথম ঘোষিত দলে ছিলেন না। পরিবর্ত হিসেবে দলে আসেন। অপরজন ফিটনেসজনিত কারণে প্রথমদিকে খেলতেই পারেননি। ডেভিড ওয়ার্নার ৭, মিচেল মার্শ ১৫, স্টিভ স্মিথ ৪ রান করে আউট হন। ১ বলে ২ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।
জসপ্রীত বুমরাহ ২টি মেডেন-সহ ৯ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন। মহম্মদ শামি ৭ ওভার করেছেন, ১ মেডেন, ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট। মহম্মদ সিরাজ ৭ ওভারে ৪৫ রান দেন, পেয়েছেন একটি উইতেট। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৪৩ ও কুলদীপ যাদব ১০ ওভারে ৫৬ রান দিয়ে উইকেট পাননি।
এদিন, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। লোকেশ রাহুলের ৬৬, বিরাট কোহলির ৫৪ ও রোহিত শর্মার ৪৭ রান সত্ত্বেও ভারত ২৪০-এর বেশি তুলতে পারেননি। মিচেল স্টার্ক তিনটি, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পার।












Click it and Unblock the Notifications