ICC World Cup 2023: বিশ্বকাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা, ম্যাচের সেরা মার্করাম
ICC World Cup 2023: দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। আজ দিল্লিতে দাসুন শনকাদের ১০২ রানে পরাস্ত করল তেম্বা বাভুমার দল। ম্যাচের সেরা বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ডধারী এইডেন মার্করাম।
টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা, যা বিশ্বকাপে কোনও ইনিংসে সর্বাধিক দলগত স্কোর। জবাবে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ৩২৬ রানে শেষ শ্রীলঙ্কা।

দুই দলের রান মিলিয়ে দাঁড়াল ৭৫৪, যা একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আগে হয়নি। চরিথ আসালঙ্কা ৬৫ বলে ৭৯, কুশল মেন্ডিস ৪২ বলে ৭৬ ও অধিনায়ক দাসুন শনকা ৬২ বলে ৬৮ রান করেন। জেরাল্ড কোয়েটজি তিনটি এবং মার্কো জানসেন, কাগিসো রাবাডা ও কেশব মহারাজ ২টি করে উইকেট নিলেন। একটি উইকেট পান লুঙ্গি এনগিডি।

শনকা ম্যাচের পর বোলিং বিভাগে পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে না পারা, সঠিক লেংথ ও লাইনে বল করতে না পারাকেই হারের কারণ বলে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, হাই স্কোরিং ম্য়াচ প্রত্যাশিত ছিল। দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ থেকে ৩৭০ রানের মধ্যে বেঁধে ফেলার টার্গেট ছিল। টস হারাকে আশীর্বাদ বলে অভিহিত করেছেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা।
এদিন, দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৫ উইকেটে ৪২৮। কুইন্টন ডি কক ১০০, রাসি ভ্যান ডার ডুসেন ১০৮ ও এইডেন মার্করাম ১০৬ রান করেন। দিলশান মাদুশঙ্কা দুটি ও কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও দুনিথ ওয়েলালাগে একটি করে উইকেট নেন। রাজিথা ১টি মেডেন-সহ ১০ ওভারে ৯০, মাদুশঙ্কা ১০ ওভারে ৮৬, পাথিরানা ১০ ওভারে ৯৫ ও ওয়েলালাগে ১০ ওভারে ৮১ রান দেন।
শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে চলে গিয়েছিল ২০.১ ওভারে ১৫০ রান ওঠার ফাঁকে। যদিও শেষ পাঁচ উইকেট তুলতে ১৭৬ রান খরচ করতে হয়েছে প্রোটিয়াদের। ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। ১২ অক্টোবর লখনউয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ।












Click it and Unblock the Notifications