ICC World Cup 2023: স্টিভ স্মিথের বিরাট অসুখ! আফগানিস্তান দ্বৈরথের আগেই অস্ট্রেলিয়ার মাথায় বাজ
ICC World Cup 2023: বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াই এখন জমজমাট। কাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। এই ম্যাচ জিতলে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলবে প্যাট কামিন্সের দল।
অন্যদিকে, আফগানিস্তানও মরিয়া শেষ দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করতে। ফলে কালকের ম্যাচের গুরুত্ব অনেকটাই। এই দ্বৈরথের আগে অস্ট্রেলিয়া শিবিরে বজ্রপাত! চিন্তার বড় কারণ, স্টিভ স্মিথের বিরাট অসুখ।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্মিথ। তিনি বলেন, গতকাল ভার্টিগোর সমস্যা হয়েছিল। যা বেশ বিরক্তিকর। আশা করি, আজ ভালোভাবেই অনুশীলন করতে পারব। অসুবিধা হবে না। তবে এমন পরিস্থিতিতে পড়লে সত্যিই ভালো লাগে না। আজকের নেট সেশনের পরই কাল খেলতে পারবেন কিনা তা বোঝা যাবে বলে জানান স্মিথ।
স্মিথ বলেন, এবারই যে এই সমস্যা প্রথম হচ্ছে তা নয়। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি বিষয়টি খুব হাল্কা নয়। আজ নেটে কিছুক্ষণ ব্যাট করলেই বুঝতে পারব। বাকিটা নির্ভর করবে সময়ের উপর। মিচেল মার্শ দলের সঙ্গে যোগ দিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল কনকাসন সংক্রান্ত সতর্কতামূলক প্রক্রিয়ায় আগের ম্যাচে খেলেননি।
আজ মার্শ ও ম্যাক্সওয়েল অনুশীলন করবেন বলে জানান স্মিথ। তবে তাঁরা দুজনেই প্রথম একাদশে থাকবেন কিনা তা তাঁর বলার কথা নয় বলেও জানান প্রাক্তন অজি অধিনায়ক। যদিও তাঁরা দুজনেই প্রথম একাদশেও থাকবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু স্মিথ খেলতে না পারলে তা অজিদের কাছে বড় ধাক্কা হবে।
চলতি বিশ্বকাপে স্মিথ যে আহামরি ফর্মে আছেন তা নয়। তবে যে কোনওদিন তিনি ম্যাচের মোড় বদলে দিতে পারেন। ভারতের বিরুদ্ধে ৪৬, দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১৯, শ্রীলঙ্কার বিরুদ্ধে ০, পাকিস্তানের বিরুদ্ধে ৭, নেদারল্যান্ডস ম্যাচে ৭১, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রান করেন স্মিথ।
ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। সকলের ধরাছোঁয়ার বাইরে। দক্ষিণ আফ্রিকার ৮ ম্যাচে ১২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার ৭ ম্যাচে ১০। কাল জিতলে নেট রান রেটে প্রোটিয়াদের পিছনে ফেলে দিতে পারে অজিরা। নিউজিল্যান্ড ও পাকিস্তানের রয়েছে ৮ ম্যাচে ৮ পয়েন্ট। ৭ ম্যাচে ৮ পয়েন্ট আফগানিস্তানের।












Click it and Unblock the Notifications