ICC CWC 2023: আফগানিস্তানকে হারিয়েও সেমিফাইনালের আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা, ইডেনে অনিশ্চিত বাভুমা
ICC CWC 2023: বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রোটিয়াদের জয় এলো ১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে।
ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন অধিনায়ক তেম্বা বাভুমা।

আজ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক। চলতি বিশ্বকাপে তাঁর সর্বাধিক রান ৩৫। সেমিফাইনালের আগে তিনি ফর্মে ফিরতে মরিয়া ছিলেন। আজ আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় ৯ বল হওয়ার পর তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। চার ওভার পর নেমেছিলেন। মিড অফে ফিল্ডিংয়ের সময় খোঁড়াতে দেখা গিয়েছে।
তবে ওপেন করতে যাতে অসুবিধা না হয় সেটা মাথায় রেখে ওই অবস্থাতেই ফিল্ডিং করেন। বাভুমা চোটের কারণে রানিং বিট্যুইন দ্য উইকেটসেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। শেষ অবধি তিনি ২৮ বলে ২৩ রান করেই সাজঘরে ফেরেন মুজিব উর রহমানের শিকার হয়ে। বাভুমা ইংল্যান্ড ও বাংলাদেশ ম্য়াচেও খেলেননি।
বাভুমার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। দলে আসবেন রিজা হেন্ডরিকস। আজকের ম্যাচে আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৪ রান তোলে। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৭ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ ওমরজাই। জেরাল্ড কোয়েটজি ৪৪ রানে ৪ উইকেট নেন। লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৪৭.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯৫ বলে ৭৬ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন রাসি ভ্যান ডার ডুসেন। কুইন্টন ডি কক ৪১, মার্করাম ২৫, হেইনরিখ ক্লাসেন ১০, ডেভিড মিলার ২৪ রান করেন। ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন আন্ডিল ফেহলাকওয়াইও। মহম্মদ নবি ও রশিদ খান ২টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications