ICC CWC 2023: শামির ৫ উইকেটে ঈর্ষণীয় নজির, শ্রীলঙ্কা শেষ ৫৫ রানে, সাতে সাত সেরে কলকাতায় আসছে রোহিতের ভারত
ICC CWC 2023: এশিয়া কাপ ফাইনালের ভূত শ্রীলঙ্কাকে তাড়া করল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আজ ৩৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫৫ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা।
ভারত ম্যাচ জিতল ৩০২ রানে। পাঁচ উইকেট দখল করে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন মহম্মদ শামি।

সরকারিভাবে ভারতের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ পড়ল সরকারি সিলমোহর। প্রথম বলেই শ্রীলঙ্কা ইনিংসে আঘাত হেনেছিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ওভারে দুটি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারের প্রথম ওভারে শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ে ৪ রানে।
দশম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ১৪ রানে পড়ে পঞ্চম ও ষষ্ঠ উইকেট। দ্বাদশ ওভারে সপ্তম উইকেটের পতন ২২ রানে, অষ্টম উইকেট পড়ে ১৪তম ওভারের প্রথম বলে ২৯ রানে। তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা বুঝি বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়বে। যদিও তা হয়নি। ১৮তম ওভারে নবম উইকেট পড়ে ৪৯ রানে, এরপর ৫৫ রানে অল আউট হয়ে বিদায় নিল শ্রীলঙ্কা।
পাথুম নিসঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রমা, প্রথম পাঁচ ব্যাটারের তিনজন এবং সাত ও আটে নামা যথাক্রমে দুশান হেমন্ত ও দুষ্মন্ত চামিরা, সকলেই শূন্য রানে আউট হন। ২৫ বলে ১২ করেন অ্যাঞ্জেলো ম্য়াথিউজ। কাসুন রাজিথা ২৭ বলে ১৪ রান করেন। মাহিশ থিকশানা অপরাজিত থাকেন ২৩ বলে ১২ রানে।
মহম্মদ শামি প্রথম চেঞ্জ বোলার হিসেবে আসেন। তিনি ১টি মেডেন-সহ ১৮ রানে নিলেন ৫ উইকেট। বিশ্বকাপে তাঁর মোট উইকেট-সংখ্যা ৪৫। টপকে গেলেন বিশ্বকাপে জাহির খান ও জাভাগল শ্রীনাথের ৪৪টি উইকেট দখলের নজির। মহম্মদ সিরাজ ২টি মেডেন-সহ ৭ ওভারে ১৬ রানের বিনিময়ে নিলেন ৩ উইকেট।
জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৫ ওভারে ৮ রান দিয়ে ও রবীন্দ্র জাদেজা ৪ বলে ৪ রান দিয়ে নিলেন ১টি করে উইকেট। এর আগে, শুভমান গিলের ৯২, বিরাট কোহলির ৮৮ ও শ্রেয়স আইয়ারের ৮২ রানের সুবাদে ভারত ৫০ ওভারে তোলে ৮ উইকেটে ৩৫৭। শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ৮০ রানে পাঁচ উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। দুষ্মন্ত চামিরা নেন ১ উইকেট।
৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, নেট রান রেট ২.১০২। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭ ম্যাচে ১২, নেট রান রেট ২.২৯০। ইডেনে ভারত যদি প্রোটিয়াদের রবিবার হারিয়ে দেয় তাহলে শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে মেন ইন ব্লু। শ্রীলঙ্কার ৭ ম্যাচে ৪ পয়েন্ট, আজই বিশ্বকাপ থেকে তাদের ছুটি হয়ে গেল।












Click it and Unblock the Notifications