ICC CWC 2023: মিচেলের শতরান, শামির ৫ উইকেট! শেষ ১০ ওভারে দুরন্ত ভারত, নিউজিল্যান্ড থামল ২৭৩ রানে
ICC CWC 2023: বিশ্বকাপে পঞ্চম জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যেতে ভারতের টার্গেট ৫০ ওভারে ২৭৪ রান। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ড ৫০ ওভারে উইকেটে ২৭৩ রান তুলেছে।
প্রাথমিক ধাক্কা সামাল দেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। মিচেল শতরানও পেলেন। শেষ ১০ ওভারে ভারত দুরন্ত বোলিং করল। মহম্মদ শামি চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচে নেমেই পেলেন ৫ উইকেট।

নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ৫৪ রান, ৬ উইকেটের বিনিময়ে। ১৯ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল দলকে নিয়ে যান ১৭৮ রান পর্যন্ত। ৩৩.৩ ওভারে কিউয়িদের তৃতীয় উইকেটের জুটি ভাঙেন শামিই। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৮৭ বলে ৭৫ রান করেন রবীন্দ্র।

ড্যারিল মিচেল এদিন কেরিয়ারের পঞ্চম ওডিআই শতরান পেলেন। শেষ ওভারে থামলেন কেরিয়ারের ব্যক্তিগত সর্বাধিক রান করে। ৯টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪৯.৫ ওভারে তিনি শামির শিকার হন ১২৭ বলে ১৩০ রান করে। গ্লেন ফিলিপস ২৩ ও উইল ইয়ংয়ের ১৭ ছাড়া বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
ডেভন কনওয়ে ও ম্যাট হেনরি শূন্য রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক টম লাথাম ৫, মার্ক চ্য়াপম্যান ৬, মিচেল স্যান্টনার ১ ও লকি ফার্গুসন ১ রানে আউট হন। মহম্মদ শামি ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন। বিশ্বকাপে দ্বিতীয়বার তিনি পাঁচ উইকেট পেলেন, যে নজির আর কারও নেই।
কুলদীপ যাদব ১০ ওভারে ৭৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের বোলিং ফিগার হুবহু এক, ১০ ওভার ১ মেডেন ৪৫ রান ১ উইকেট। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৪৮ রান দেন, কোনও উইকেট পাননি। পরিসংখ্যান বলছে, প্রথম ও শেষ পাওয়ারপ্লে-তে নিউজিল্যান্ড ৮৮ রান তুলেছে ৮ উইকেটের বিনিময়ে। মাঝের পাওয়ারপ্লে-তে ১৮৫ রান উঠেছে, ২ উইকেটের বিনিময়ে।












Click it and Unblock the Notifications