ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের ব্যাটিং বিভাগ নিয়ে চর্চা! একাদশে সূর্য-ঈশানকে কেন দেখছেন না শেহওয়াগ?
ICC World Cup 2023: ভারত যে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তাতে সিংহভাগ ক্রিকেটারই রয়েছেন দারুণ ফর্মে। ফলে প্রথম একাদশ বাছাই করাই হয়ে দাঁড়িয়েছে মাথাব্যথার বড় কারণ।
গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ তিরুবনন্তপুরমে গিয়েছে রোহিত শর্মার দল। মঙ্গলবার নেদারল্যান্ডস ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। এই পরিস্থিতিতে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে চর্চা।

রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি ব্যাটিংয়ের প্রথম তিনটি পজিশনে থাকছেন। মিডল অর্ডারে কাদের খেলানো হবে তা ভারতীয় দলকে বেছে নিতে হবে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণের মতো ক্রিকেটারদের মধ্যে থেকেই। সকলেই রানের মধ্যে রয়েছেন। ফলে সিদ্ধান্ত নেওয়াটাই খুব কঠিন।
বীরেন্দ্র শেহওয়াগ ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ছয় ও সাতে থাকবেন যথাক্রমে লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। ফলে ওই দুটি জায়গায় সূর্যকুমার যাদবের থাকার সম্ভাবনা নেই। হার্দিক পাণ্ডিয়াকে ভারত যদি ষষ্ঠ বোলার হিসেবে দলে রাখে, তাহলে রাহুল নামবেন পাঁচে, হার্দিক ছয়ে। এরপর নামবেন বোলাররা।

বীরুর কথায়, আমরা ভেবেছিলাম ঈশান কিষাণ প্রথম একাদশে ঠাঁই পাবেন। কিন্তু শ্রেয়স আইয়ার যে শতরানটি পেয়েছেন তাতে তিনি যদি চারেই ব্যাট করতে নামেন তাহলে পাঁচ ও ছয়ে ব্যাট করবেন রাহুল ও হার্দিক। ফলে এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে যে বাইরে থাকতে হবে, তেমনই সম্ভাবনা দেখছেন শেহওয়াগ।
আবার সূর্যকুমারের চেয়ে দৌড়ে যে ঈশান কিষাণ এগিয়ে থাকবেন তেমন ধারণাও পোষণ করেছেন বীরু। তিনি বলেন, সব কিছু নির্ভর করবে ভারত কোন কম্বিনেশনে খেলবে তার উপর। হার্দিক যদি ১০ ওভার বল করেন তাহলে ভারতের একাদশে বোলারের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়ছে। সেক্ষেত্রে দলে কোনও ব্যাটার নেওয়া গেলে বাঁহাতি বলেই সূর্যর থেকে এগিয়ে থাকবেন ঈশান।












Click it and Unblock the Notifications