ICC CWC 2023: রোহিতের অর্ধশতরান, সতীর্থদের ব্যর্থতা ঢাকলেন রাহুল-সূর্য, ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিল ভারত
ICC CWC 2023: চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচে এসে আজই প্রথমবার প্রথমে ব্যাটিং করতে হলো ভারতকে। লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। চ্যালেঞ্জিং পিচে ভারত ২৩০ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে।
৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলেছে ভারত। রোহিত শর্মা অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন। গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব।

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। একেবারে শেষে, অর্থাৎ দশম স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের কাছে এখন প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন ম্যাচ। আজকের ম্যাচ-সহ বাকি চারটি ম্যাচ জিতলে জস বাটলারের দলের দখলে আসবে ১০ পয়েন্ট। তাতেও শেষ চার নিশ্চিত হওয়ার ক্ষেত্রে নেট রান রেট, কিংবা অন্য ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।
ভারত প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে তুলেছিল ২ উইকেটে ৩৫ রান। ১১ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ওঠে ১৪৫ রান, ৩ উইকেটের বিনিময়ে। শেষ ১০ ওভারে পড়ে চার উইকেট, ওঠে ৪৯ রান। রোহিত শর্মা ও লোকেশ রাহুল যেভাবে হাল ধরেছিলেন তাতে মনে হচ্ছিল ২৮০ অসম্ভব নয়। কিন্তু তার অনেক আগেই থমকেছে ভারত।

যে পিচে খেলা হচ্ছে তাতে ২৩০ রান তোলা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু আরও অন্তত ২০ রান যোগ করলে ভালো লড়াইয়ের জায়গায় থাকতো মেন ইন ব্লু। রোহিত শর্মা ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০১ বলে ৮৭ রান করেন। চারটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৪৭ বলে ৪৯ রান করেন সূর্যকুমার যাদব।
৪০ রানে তৃতীয় উইকেট পড়ার পর লোকেশ রাহুলকে নিয়ে ৯১ রানের পার্টনারশিপ গড়েন রোহিত। রাহুল তিনটি চারের সাহায্যে ৫৮ বলে ৩৯ রান করেন। জসপ্রীত বুমরাহ ২৫ বলে ১৬ রান করে রান আউট হন। শুভমান গিল ৯, বিরাট কোহলি ০, শ্রেয়স আইয়ার ৪, রবীন্দ্র জাদেজা ৮, মহম্মদ শামি ১ রান করেন। কুলদীপ যাদব ৯ রান করে অপরাজিত থাকেন।
ডেভিড উইলি ২টি মেডেন-সহ ১০ ওভারে ৪৫ রান খরচ করে তিনটি উইকেট নেন। তিনি বিরাট, রাহুল ও সূর্যকে ফেরান। ১টি মেডেন-সহ ৯ ওভারে ৩৩ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন ক্রিস ওকস। ১০ ওভারে ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন আদিল রশিদ। ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট পান মার্ক উড।












Click it and Unblock the Notifications