ICC CWC 2023: বিশ্বকাপ থেকে আইসিসির বাছাই করা ১২ জনের দলে অর্ধেকই ভারতীয়, অধিনায়ক রোহিত
ICC CWC 2023: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাস্ত হয়েছে রোহিত শর্মার ভারত। টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে ওঠার পর। গতকালের ফাইনাল বাদ দিলে গোটা টুর্নামেন্টে ভারত যে দাপটের সঙ্গে খেলেছে তা স্পষ্ট পরিসংখ্যানেও।
সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে বিরাট কোহলি, টুর্নামেন্টের সেরাও হয়েছেন। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট মহম্মদ শামির। আইসিসি বিশ্বকাপের বাছাই ক্রিকেটারদের নিয়ে যে ১২ সদস্যের দল গড়ল তাতেও অর্ধেক ভারতেরই ক্রিকেটার।

ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে কুইন্টন ডি কক ও রোহিত শর্মাকে। ডি কক এবারের বিশ্বকাপে চারটি শতরান-সহ ৫৯৪ রান করেন, স্ট্রাইক রেট ১০৭.০২। এই দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। রোহিত এবার বিশ্বকাপে ৫৯৭ রান করেন, ২০১৯ সালের বিশ্বকাপে অবশ্য আরও ৫১ রান বেশি ছিল তাঁর। রোহিতের স্ট্রাইক রেট ১২৫.৯৪ টুর্নামেন্টে সর্বাধিক (প্রথম চার ব্যাটারদের মধ্যে)।
তিনে রাখা হয়েছে বিরাট কোহলিকে। ২০০৩ সালে সচিন তেন্ডুলকরের করা ৬৭৩ রান টপকে এবার বিরাট করেন ৭৬৫ রান, গড় ৯৬.৬২। ১১ ইনিংসে মাত্র দুটিতে পঞ্চাশের কমে আউট হয়েছেন। তিনটি শতরান করে ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড।
চারে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে রাখা হয়েছে। মিচেল ৬৯ গড় ও ১১১.০৬ স্ট্রাইক রেটে ৯ ইনিংসে ৫৫২ রান করেন। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩৪ রান করেছিলেন। পাঁচে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। তিনি ৪৫২ রান করেছেন এবারের বিশ্বকাপে, গড় ৭৫.৩৩।
ছয়ে গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডস ম্যাচে ৪০ বলে শতরান। আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট হারানোর পরেও অজিদের জয় নিশ্চিত করেছিল ম্যাক্সওয়েলের ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস। গতকালের ফাইনালে তিনি তুলে নেন রোহিত শর্মার উইকেট। সাতে রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ১২০ রান করেন, মাঝের ওভারগুলিতে উইকেটও তুলে নিয়েছেন।
পেসারদের মধ্যে আইসিসির বাছাই দলের একাদশে রয়েছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা। জাদেজার স্পিন-সঙ্গী হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা। যিনি বিশ্বকাপের কোনও সংস্করণে স্পিনার হিসেবে সবচেয়ে বেশি ২৩ উইকেট নিয়ে ছুঁয়েছেন মুথাইয়া মুরলীধরনের কীর্তি। দলে দ্বাদশ ব্যক্তি দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজি। তিনি ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন।
আইসিসির প্রকাশ করা টিম অব দ্য টুর্নামেন্ট- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, জেরাল্ড কোয়েটজি।












Click it and Unblock the Notifications