Ind vs Aus In WC 2023 Final: বিশ্বকাপে অপ্রতিরোধ্য অধিনায়ক রোহিত! চ্যাম্পিয়ন হলেই কেন ধরাছোঁয়ার বাইরে?
Ind vs Aus In CWC 2023 Final: কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ভারত তৃতীয়বার কাপ জিতলেই অধিনায়ক রোহিত শর্মা অন্তত চার বছর নিশ্চিন্ত। সময়টা বাড়তেও পারে।
ভারত ১৯৮৩ সালে কপিল দেব ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু রোহিত শর্মার দল যেভাবে এগিয়ে চলেছে তেমনটা আগে কখনও হয়নি। এমনকী বিশ্বকাপজয়ী অধিনায়কদের এমন নজির নেই যা রোহিতের রয়েছে।

২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ১১টি করে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছিল। কাল রোহিত শর্মার হাতে যদি কাপ ওঠে তাহলে তিনিই প্রথম ভারত অধিনায়ক হিসেবে সব ম্যাচে জিতে বিশ্বকাপ দখলে নেওয়ার কীর্তি স্থাপন গড়বেন। তাছাড়া রোহিত শর্মা ছাড়া বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া অধিনায়কের কারও ১০০ শতাংশ সাফল্যের নজির নেই।
রোহিত শর্মা ২০১১ সালের বিশ্বকাপে খেলতে পারেননি। ২০১৫ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯-এ বিরাট কোহলি। বিশ্বকাপে মহম্মদ আজহারউদ্দিন ২৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, ১০টি জিতেছেন, হার ১২টিতে, পরিত্যক্ত ১টি ম্যাচ। সাফল্যের হার ৪৫.৪৫। রোহিত ১০টি ম্যাচ জিতে আজ্জুর কীর্তি ছুঁয়েছেন।
মহেন্দ্র সিং ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ১৭ ম্যাচে, জয় ১৪টিতে, হার ২টিতে., টাই ১টি। সাফল্যের হার ৮৫.২৯ শতাংশ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত বিশ্বকাপে ১১টি ম্যাচে ৯টি জিতেছে, হার ২টিতে, সাফল্যের হার ৮১.৮১ শতাংশ। বিরাট কোহলির নেতৃত্বে ভারত বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলেছে, জয় সাতটিতে, হার ২টিতে, সাফল্যের হার ৭৭.৭৭ শতাংশ।
কপিল দেব ভারতকে বিশ্বকাপে ১৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ১১টিতে, পরাজয় চারটিতে। সাফল্যের হার ৭৩.৩৩ শতাংশ। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৯ ম্যাচে জয় ২৬টিতে, হার ২টিতে, সাফল্যের হার ৯২.৮৫ শতাংশ। নিউজিল্যান্ড স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বে ২৭ ম্যাচে ১৬টিতে জিতেছে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কদের তালিকায় তিনে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের। তাঁর নেতৃত্বে ক্যারিবিয়ান বাহিনী ১৭ ম্যাচে ১৫টিতে জিতেছে। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ২২ ম্যাচে এবং ধোনির নেতৃত্বে ভারত ১৭ ম্যাচে ১৪টি করে জয় সুনিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হ্যান্সি ক্রোনিয়ে, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের কপিল দেব বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ১১টি করে ম্যাচ জিতেছেন। রোহিত কাল জিতলে তাঁদের পাশে নাম লেখাবেন। তবে বাকিদের চেয়ে ধরাছোঁয়ার বাইরে থাকবেন ১০০ শতাংশ সাফল্যের হার নিয়ে।












Click it and Unblock the Notifications