ICC CWC 2023: উড়ন্ত জাদেজার দুরন্ত ক্যাচ, সেলিব্রেশনের রহস্য ফাঁস! রাহুলের সঙ্গেই পদক জয়ের দৌড়ে
ICC CWC 2023: রবীন্দ্র জাদেজা আজ পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন। তবে তারই পাশাপাশি নজর কাড়লেন ফিল্ডিংয়ে। জসপ্রীত বুমরাহর বলে মুশফিকুর রহিমের ক্যাচটি তালুবন্দি করলেন শরীর ছুড়ে দিয়ে।
এই ক্যাচ ধরার পর অভিনব সেলিব্রেশনে মাতলেন জাড্ডু। বাংলাদেশের ইনিংসের শেষ হতেই ফাঁস করলেন সেলিব্রেশনের রহস্য।

ঘটনা ম্যাচের ৪তম ওভারের। এই ওভারের দ্বিতীয় বলটিতে আউট হন মুশফিকুর রহিম। জসপ্রীত বুমরাহর স্লোয়ার ডেলিভারিকে তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন রহিম। কিন্তু জাদেজার ক্ষিপ্রতার কাছে হার মানতে বাধ্য হন। ৪৬ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন রহিম।
এই ক্যাচটি ফস্কে জীবন পেলে বিপজ্জনক হয়ে উঠতে পারতেন রহিম। জাদেজা ক্যাচটি ধরেই বাউন্ডারির দিকে তাকিয়ে গলায় কিছু পরিয়ে দেওয়ার ইশারা করেন। টিভি ক্যামেরায় ধরা পড়ে ফিল্ডিং কোচের দিকে তাকিয়ে ইশারা করেন জাড্ডু। ফিল্ডিং কোচ হাত জাদেজার দিকে হাত নাড়েন।

জাদেজা পরে বলেন, আমাদের ফিল্ডিং কোচের উদ্দেশে বার্তা দিতেই এই ধরনের সেলিব্রেশন। প্রতি ম্যাচের পর আমাদের দলে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয়। সেটাই তাঁকে বোঝাতে চাইছিলাম যে আজ দৌড়ে আমিও আছি। উল্লেখ্য, চলতি বিশ্বকাপের শুরুতেই এই পুরস্কার দেওয়ার প্রথা চালু করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়।
ম্যাচের শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমে এই পুরস্কার প্রদান করা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ ধরায় প্রথমে পুরস্কার পান বিরাট কোহলি। এরপর এই পুরস্কার পেয়েছেন শার্দুল ঠাকুর ও লোকেশ রাহুল। আজও লোকেশ রাহুল দারুণ ক্যাচ ধরেছেন। ২৪.১ ওভারে মহম্মদ সিরাজের বলে মেহিদি হাসান মিরাজের ক্যাচ বাঁদিকে ঝাঁপিয়ে ধরেন রাহুল।
ভারতের সামনে জয়ের টার্গেট ২৫৭ রানের। ঝোড়োগতিতেই ব্যাটিং করছেন রোহিত শর্মা। সঙ্গত দিচ্ছেন শুভমান গিল। রবীন্দ্র জাদেজার কথায়, উইকেট ভালো। বল ঘুরছে না। স্বাভাবিক ক্রিকেট খেললেই লক্ষ্যে পৌঁছে যেতে পারব আমরা। উইকেট-টু-উইকেট বল করেই আজ সাফল্য বলে জানান জাড্ডু। বলেন, এই উইকেটে ফিল্ডিং সাজানো অনুযায়ী টাইট লেংথে বল করার পরিকল্পনা ছিল।
জাদেজার হাতে আজ সবার শেষে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মাঝের ওভারগুলিতে বাংলাদেশের স্কোরে রাশ টানতে অবদান রাখেন বোলার জাড্ডু। তিনি ১০ ওভারে ৩৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। প্রথমে নাজমুল হোসেন শান্তকে আউট করেন। এরপর তুলে নেন সর্বাধিক রান করা লিটন দাসের উইকেট।












Click it and Unblock the Notifications