ICC CWC 2023: ইংল্যান্ডকে হারিয়েই রশিদ খান ছাড়লেন হুঙ্কার, ম্যাচের সেরার পুরস্কার কাকে উৎসর্গ মুজিবের?
ICC CWC 2023: বিশ্বকাপের আসরে আজকের আগে আফগানিস্তানের শেষ জয়টি এসেছিল ২০১৫ সালে। তারপর টানা হারের ধারা আজ থামল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বিশ্বকাপে আফগানদের দ্বিতীয় জয়।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তাদের সামনের পথ কঠিন করে দিল আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি দ্বৈরথে প্রথম জয়। আগের দুটিতেই বিরাট ব্যবধানে হারের পর। বিশ্বকাপে এই প্রথম টেস্ট খেলা কোনও দেশের বিরুদ্ধেও আফগানদের জয়।

ইংল্যান্ডের ৮ জন ব্যাটারকেই আউট করেছেন হাশমাতুল্লাহ শাহিদির দলের স্পিনাররা। মুজিব উর রহমান ও রশিদ খান নেন তিনটি করে উইকেট। মহম্মদ নবির ঝুলিতে ২ উইকেট। তার আগে ব্যাট হাতেও দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে অবদান রাখেন রশিদ খান (২২ বলে ২৩) ও মুজিব উর রহমান (১৬ বলে ২৮)। মুজিব হলেন ম্যাচের সেরা।
নতুন বলে বোলিং ওপেন করেছিলেন মুজিব। তিনি বলেন, বিশ্বকাপে চ্যাম্পিয়নদের হারাতে পারা গর্বের। গোটা দলের পক্ষে এটা দারুণ কীর্তি। আমরা এর জন্যই কঠোর পরিশ্রম করেছি। পাওয়ারপ্লেতে স্পিনারদের বল করা কঠিন। নেটে অনুশীলন করে কৌশল রপ্ত করেছি, উইকেট-টু-উইকেট বল করাতেই নজর থাকে।
শিশির পড়ার সম্ভাবনা ছিল। সে কারণেও তিনি পাওয়ারপ্লেতে তিনি বোলিং করতে আগ্রহী ছিলেন বলে জানান মুজিব। তবে শিশির পড়লেও আত্নবিশ্বাস ছিল, ঠিক করেই রেখেছিলেন ব্যাটারদের শরীরের থেকে দূরে বল করবেন না। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে মূল্যবান ২৫-৩০ রান যোগ করাও তাঁর লক্ষ্য বলে জানান মুজিব।
ভূমিকম্পে-বিধ্বস্ত আফগানিস্তানের নাগরিকদের প্রতিই ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করেছেন মুজিব। মুজিবের প্রশংসা করেছেন রশিদ খানও। স্টার স্পোর্টসে তিনি বলেন, এটা আমাদের পক্ষে বিরাট জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের মধ্যে এই বিশ্বাসটা এনে দেবে যে, যে কোনও দিন যে কোনও দলকে আমরা হারাতে পারি।

রশিদের কথায়, দেশের মানুষকে আনন্দ দেয় ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আমাদের কাছে বড় ব্যাপার। আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সেই পরিস্থিতির মধ্যেও এই জয় দেশের মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে সহায়ক হবে। সতীর্থদের ড্রেসিংরুমে বারবার বলেছি, যাই হোক, শেষ অবধি লড়াই করতে হবে।
ব্যাট হাতে রান করা, তিন উইকেট নেওয়ার থেকেও রশিদকে তৃপ্তি দিচ্ছে এই অনুভূতি যে, হোটেলে ফেরার সময় মনে হবে ১০০ শতাংশই দিয়েছি। এভাবেই দলের সকলকে অনুপ্রাণিত করছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ। অনেক দিন পর তিন উইকেট নেওয়ার পাশাপাশি ভালো লাগছে মার্ক উডের বলে কভার ড্রাইভ মারতে পেরে।
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছিল আফগানিস্তান। এরপর ভারতের কাছে ৮ উইকেটে পরাজয়, ৯০ বল বাকি থাকতেই। কিন্তু এদিনের জয় আগামী ম্য়াচগুলির জন্য আত্মবিশ্বাস বাড়াল গোটা দলের। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানালেন, এই জয়েই তাঁরা থেমে থাকতে চান না।












Click it and Unblock the Notifications