ICC CWC 2023: বিশ্বকাপেও বাবরের মাথায় ঘুরছে বিয়ে! সাউথ সিটি মল থেকে ভিডিও কল করে কী কিনলেন পাক অধিনায়ক?
ICC CWC 2023: পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়ার আশা শেষ। পাকিস্তান অধিনায়ক বাবর আজম কলকাতা থেকেই নিচ্ছেন আরেকটি বড় আসরের প্রস্তুতি। বিশ্বকাপ খেলে দেশে ফেরার পরই বিয়ে বাবর আজমের।
কলকাতা থেকেই জমিয়ে কেনাকাটা সেরে ফেলছেন পাক অধিনায়ক। বাংলাদেশ ম্য়াচ খেলতে কলকাতায় এসে নিজের বিয়ের পোশাক কনফার্ম করেছেন এক বিখ্যাত ডিজাইনারের কাছ থেকে। গতকাল সাউথ সিটি মল থেকেও তিনি কেনাকাটা করেছেন।

পাকিস্তান দল গতকাল সন্ধ্যায় ইডেনে অনুশীলন করেছে। তখনই নিউজিল্যান্ড বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে চূর্ণ করায় পাকিস্তান বুঝে যায় ইংল্যান্ড ম্য়াচ স্রেফ নিয়মরক্ষার। কেন না, যে সমীকরণ অপেক্ষা করে রয়েছে তা বাস্তবায়ন ঘটনা অলীক কল্পনা। তবুও ইডেনে শেষ ম্য়াচ জিতেই দেশে ফিরতে বদ্ধপরিকর বাবর অ্যান্ড কোং।
ইডেনে অনুশীলনে নামার কয়েক ঘণ্টা আগেই বাবর পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার শপিং মলে। সাউথ সিটি মলে বাবরের সঙ্গী ছিলেন ইনজামাম উল হকের ভাইপো তথা পাকিস্তান দলের অন্যতম সদস্য ইমাম উল হক। ইমাম অবশ্য প্রথম একাদশে জায়গা খুইয়েছেন খারাপ ফর্মের কারণে। ঘণ্টা দুয়েক সাউথ সিটি মলে কাটান তাঁরা।
সানগ্লাসের দোকানে তাঁদের যেমন দেখা গিয়েছে তেমনই পুরুষদের পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে যাচাই করতেও দেখা গিয়েছে বাবরদের। তবে খালি হাতে মোটেই ফেরেননি। সাতটি শাড়ি কিনেছেন বাবর। মনে করা হচ্ছে, এটি তাঁর বিয়ের কেনাকাটার অঙ্গ। কেন না, নিজে সব পছন্দ করতে পারেননি। দোকান থেকেই ভিডিও কল করেন পরিবারের সদস্যদের।
সাউথ সিটি মলের সোচ স্টোর থেকে শাড়িগুলি কিনেছেন বাবর। ওই স্টোরের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বাবর বেশিরভাগই শিফন জর্জেট কাপড় কিনেছেন। প্রচুর শাড়ি দেখে কোনটা নেবেন তা বুঝে উঠতে পারছিলেন না। সে কারণেই ভিডিও কল করে শাড়িগুলি দেখান পরিবারের সদস্যদের। তারপরই বেছে নেন সাতটি শাড়ি।
দোকানের কর্মচারীরা জানান, হোয়াটসঅ্যাপ কলে ফোন করেছিলেন বাবর। মহিলাদের সঙ্গেই কথা বলে শাড়িগুলি চূড়ান্ত করেন। বাবর থাকেন লাহোরে। পাঞ্জাব প্রদেশের রাজধানীর বাসিন্দা বাবর পাঞ্জাবি ভাষাতেই কথা বলায় দোকানের কর্মচারীরা তা বুঝতে পেরেছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ বাবররা প্রথমে যান গ্রাউন্ড ফ্লোরে স্প্যানিশ ব্র্যান্ড জারার শোরুমে। সেখান থেকে জামাকাপড় কেনেন বাবর ও ইমাম। এরপর সানগ্লাস হাটে গিয়ে বাবর টম ফোর্ড ওয়েফেরার কেনেন। শেডস সম্পর্কে বেশ খুঁতখুঁতে পাক অধিনায়ক। উল্লেখ্য, বাবর ও ইমাম যাওয়ার অনেক আগেই হাসান আলি স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সাউথ সিটি মলে। পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার গিয়েছিলেন মণি স্কোয়ার মলে। সেখানেও তাঁরা শাড়ি, সানগ্লাস কেনেন।












Click it and Unblock the Notifications