ICC World Cup 2023: ৪০১ তুলেও টানা চতুর্থ হারে চাপে নিউজিল্যান্ড, রাচিনের পাল্টা জামানের শতরানে জিতল পাকিস্তান
ICC World Cup 2023: বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের। আজ বেঙ্গালুরুতে ৪০১ রান তুলেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএসএলএস মেথডে ২১ রানে হেরে গেল কেন উইলিয়ামসনের দল।
চলতি বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। ভারতের কাছে প্রথমবার হারের সম্মুখীন হতে হয় কিউয়িদের। তারপর যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে পরাজয়।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করে। ১৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯৪ বলে ১০৮ রান করেন রাচিন রবীন্দ্র। কেন উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রানে আউট হন। ডেভন কনওয়ে ৩৫, ড্যারিল মিচেল ২৯, মার্ক চ্যাপম্যান ৩৯, গ্লেন ফিলিপস ৪১ রান করেন। মিচেল স্যান্টনার ২৬ ও টম লাথাম ২ রানে অপরাজিত থাকেন।
মহম্মদ ওয়াসিম তিনটি এবং হাসান আলি, ইফতিখার আহমেদ ও হ্যারিস রউফ নেন ১টি করে উইকেট। জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে আবদুল্লা শফিক ৪ রানে টিম সাউদির শিকার হন। তারপর আর ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে। আগ্রাসী মেজাজে নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিতে থাকেন বাবর আজম ও ফখর জামান।
পাকিস্তানের ব্যাটিং চলাকালীন আকাশ কালো করে আসে। তখন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন জামান। ৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৬৩ বলে তিনি শতরান পেয়ে যান। ২১.৩ ওভারে পাকিস্তানের স্কোর যখন ১ উইকেটে ১৬০ তখন বৃষ্টি নামে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২।
যদিও ২৫.৩ ওভারের পরই খেলা বন্ধ করে দিতে হয়। বৃষ্টি চলতে থাকায় খেলা আর হয়নি। এই সময় পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ২০০। ফলে জয় নিশ্চিত হয় ২১ রানে। জামান অপরাজিত থাকেন ৮১ বলে ১২৬ রানে। তিনি ৮টি চার ও ১১টি ছয় মেরেছেন। ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বাবর আজম।
বিশ্বকাপের কোনও ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে চারে রইলেন বাবর। সবচেয়ে বেশি ছক্কা রয়েছে ইয়ন মর্গ্যানের (১৭)। ক্রিস গেইল (১৬) ও মার্টিন গাপটিল (১১)-র পরেই রইলেন ফখর। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের উপর নির্ভর করবে ২০১৫ ও ২০১৯-এর রানার আপদের শেষ চারে যাওয়া।
১৯৮৩ সালের পর থেকে আজ অবধি পাকিস্তানকে মাত্র একবারই (২০১১) বিশ্বকাপে হারিয়েছে কিউয়িরা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে এলো পাকিস্তান (নেট রান রেট ০.০৩৬)। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রইল নিউজিল্যান্ড (নেট রান রেট ০.৩৯৮)। আজকের ম্যাচের পর গুরুত্বপূর্ণ হয়ে গেল ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। নিউজিল্যান্ডের পরিস্থিতি দেখে হিসেব কষে ওই ম্যাচে জেতার লক্ষ্যে নামবেন বাবররা।












Click it and Unblock the Notifications