ICC CWC 2023: মহারাজের ধাক্কায় সিংহাসন হারালেন সিরাজ! নিউজিল্যান্ড ম্যাচের আগেই বড় দুঃসংবাদ
ICC CWC 2023: কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারত টানা ৯টি ম্যাচ জিতেছে বিশ্বকাপে। স্বাভাবিকভাবেই বিশ্বের ১ নম্বর ওডিআই দল হিসেবেই নামবে ফাইনালে ওঠার লড়াইয়ে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন শুভমান গিল। তবে বোলারদের র্যাঙ্কিং এলো বদল!

গত সপ্তাহেই বিশ্বের ১ নম্বর ওডিআই বোলার হয়েছিলেন মহম্মদ সিরাজ। যদিও এক সপ্তাহ পার হওয়ার আগেই সেই সিংহাসন হারালেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ নিউজিল্যান্ড ম্যাচে চার উইকেট-সহ শেষ ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। যার জেরে তিনি হলেন বিশ্বের ১ নম্বর ওডিআই বোলার।
ভারতের পেসার সিরাজ শেষ তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। মহারাজের সঙ্গে টক্করে সিংহাসন হারাতে হলেও খুব পিছনে নেই সিরাজ। মহারাজের রেটিং পয়েন্ট ৭২৬, সিরাজের ৭২৩। জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। বুমরাহ রয়েছেন চারে, কুলদীপ পাঁচে। মহম্মদ শামির অবস্থান ১২ নম্বরে। ঊনিশে আছেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শুভমান গিল শুভমান গিল এক নম্বর ওডিআই ব্যাটারের তকমা ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮৩২, বাবর আজমের ৮২৪। তিনে রয়েছেন কুইন্টন ডি কক। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩, চারে থাকা বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৭৭২। ৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে রোহিত শর্মা রয়েছেন পাঁচে। শ্রেয়স আইয়ার উঠে এসেছেন ১৩ নম্বরে। লোকেশ রাহুল রয়েছেন যুগ্ম ১৭-এ।
অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। জাদেজা রয়েছেন দশে।












Click it and Unblock the Notifications