ICC World Cup 2023: নন-ইন্ডিয়া ম্যাচে তাক লাগাল ইডেন, সাক্ষী মিক জ্যাগার, দিলীপ দোশী! ঊষাকে নিয়ে বিতর্কের ঝড়

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে নজির তৈরি করল ইডেন গার্ডেন্স। দেশের বিভিন্ন স্টেডিয়ামে ভারতের ম্যাচ চলাকালীনও ফাঁকা থেকেছে গ্যালারি। নন-ইন্ডিয়া ম্যাচ বা যে ম্যাচগুলিতে ভারত নেই, এমন দিনে তো তথৈবচ অবস্থা!

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিলধারণের জায়গা ছিল না। শেষ কবে ক্লাব হাউসের প্রতিটি চেয়ার ভর্তি থেকেছে, কেউ মনে করতে পারছেন না। সে তো নয় ভারতের ম্যাচ। কিন্তু নন-ইন্ডিয়া ম্যাচে গতকাল দৃষ্টান্ত তৈরি করল ক্রিকেটের নন্দনকানন।

ICC World Cup 2023: নন-ইন্ডিয়া ম্যাচে তাক লাগাল ইডেন

ইডেনে গতকালের ম্যাচে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিতেই ছিটকে যায় পাকিস্তান। এমনিতেও পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে যে সমীকরণ ছিল, তা স্রেফ অঙ্কের নিয়মেই, বাস্তবায়ন সম্ভব ছিল না। ফলে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের দ্বৈরথ ছিল নিয়মরক্ষার।

সেই ম্যাচও ৪৫ হাজারের বেশি দর্শক গতকাল মাঠে বসে খেলা দেখলেন। ইডেনে উঠল বহু পরিচিত মেক্সিকান ওয়েভ। ছুটির দিনে ম্যাচটি ছিল না। ফলে অফিস-কাছারি বন্ধ হওয়ার পর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, নৈশালোকে মায়াবী ইডেনে বাড়তে থাকল ক্রিকেটপ্রেমী দর্শকের সংখ্যা। তবে ভূত চতুর্দশীর ই়ডেনে ইংল্যান্ডের চেয়েও বেশি সমর্থন পেল পাকিস্তান!

গ্যালারিতে উঠল জিতেগা ভাই জিতেগা, পাকিস্তান জিতেগা স্লোগান। ইংল্যান্ডের একেকটি উইকেটপতনে যে শব্দব্রহ্ম তৈরি হলো, চোখ বন্ধ করে থাকলে মনে হয় যেন ভারতের ম্যাচ চলছে। এই ম্যাচে ইডেনে যে এত দর্শক হবে তা ভাবেননি অনেকেই। নন-ইন্ডিয়া ম্যাচে তাই ইডেন নয়া নজির তৈরি করে ফেলল।

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ দেখতে সেলেবদের ভিড় ছিল না বললেই চলে। দিল্লি ক্যাপিটালসের শিবির শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইডেনমুখো হননি। তবে প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী এসেছিলেন। ইডেনের প্রেসিডেন্টস বক্সে বসে তাঁর সঙ্গে খেলা দেখলেন বিখ্যাত ব্রিটিশ গায়ক, রোলিং স্টোনসের প্রতিষ্ঠাতা সদস্য মিক জ্যাগার।

মিক জ্যাগারের বয়স এখন ৮০। ইংল্যান্ড এবারের বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিলেও মিক জ্যাগার ক্রিকেটের নন্দনকাননে সাক্ষী থাকলেন জস বাটলার-বাহিনীর বড় জয়ের। ই়ডেনে এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপ। মিক জ্যাগারের সঙ্গে তাঁর দেখা হয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখেননি।

তবে এরই মধ্যে বিতর্ক রয়ে গেল সিএবির ফেসবুক পোস্টে। যেখানে মিক জ্যাগার, দিলীপ দোশী, ঊষা উত্থুপদের ছবি পোস্ট করা হয়েছে। তবে ক্যাপশনে নেই ঊষা উত্থুপের নাম। লেখা হয়েছে কিংবদন্তি গায়ক মিক জ্যাগার, সচিব নরেশ ওঝা, প্রাক্তন ভারতীয় স্পিনার দিলীপ দোষী ও সিএবি সিইও চিন্ময় নায়েকের সঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়!

এই পোস্টের কমেন্ট বক্সে সিএবির প্রবল সমালোচনা করা হচ্ছে। এমনকী কিছু ক্রিকেটপ্রেমী অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করে ঊষা উত্থুপের নামোল্লেখের দাবি জানালেও পোস্টটির ১৭ ঘণ্টা পরেও তা সংশোধন করা হয়নি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনেক সদস্য টিকিট পাননি। সেই ক্ষোভের আঁচেও বিদ্ধ হয়েছে সিএবির এই ভুল।

আমন গুপ্ত লিখেছেন, মিক জ্যাগার ও ঊষা উত্থুপ সিএবির আসল রূপ চেনেন না, সিএবি আসলে লাইফ মেম্বারদের টিকিট লুঠ করে। কেউ লিখেছেন, সিএবি প্রতারক। দেবজ্যোতি মজুমদার লিখেছেন, ক্যাপশনে বিদেশের গায়কের নাম উল্লেখ করছেন, অথচ দেশের বিখ্যাত গায়িকা ঊষা উত্থুপের নাম উল্লেখ করলেন না পোস্টে...বাহ সিএবি বাহ! আপনারা কি জানেন দেশের প্রথম মহিলা পপ সিঙ্গারের নাম? ঊষা উত্থুপের সম্মান প্রাপ্য ছিল। ফেসবুকে নিশানা করা হয়েছে ওঝা ও নায়েককেও। জনৈক বরুণ গঙ্গোপাধ্যায় লিখেছেন, টিকিট ঝাড়ার কাজ শেষ হয়ে গেছে? এভাবেই নয়া বিতর্ক সিএবিতে।

(ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+