ICC CWC 2023: বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, হারের হ্যাটট্রিকে টলমল নিউজিল্যান্ড
ICC CWC 2023: ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করে ফেলল বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট। আজ পুনের এমসিএ স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে চূর্ণ করল প্রোটিয়ারা।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্য়াট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেনের শতরানে ভর করে কিউয়িদের সামনে ৩৫৮ রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকা।

শুরু থেকেই প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে অস্বস্তিতে ছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। বড় পার্টনারশিপ সেভাবে না হওয়াতেই ক্রমেই ম্য়াচ থেকে হারিয়ে যেতে থাকে টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। শেষ অবধি ৩৫.৩ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জিতল ১৯০ রানে।
গ্লেন ফিলিপস ৫০ বলে সর্বাধিক ৬০ রান করেন। উইল ইয়ং ৩৭ বলে ৩৩ ও ড্যারিল মিচেল ৩০ বলে ২৪ রান করেন। ডেভন কনওয়ে ২, রাচিন রবীন্দ্র ৯, টম লাথাম ৪, মিচেল স্যান্টনার ও টিম সাউদি ৭, জিমি নিশাম শূন্য, ট্রেন্ট বোল্ট ৯ রান করে আউট হন। ৮ ওভারে ৩১ রান খরচ করে চার উইকেট দখল করেন কেশব মহারাজ।
কেশব মহারাজ ৯ ওভারে ৪৬ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন। মার্কো জানসেন ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন। ৬.৩ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন জেরাল্ড কোয়েটজি। ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট কাগিসো রাবাডার।
এর আগে, কুইন্টন ডি ককের ১১৬ বলে ১১৪ ও রাসি ভ্যান ডার ডুসেনের ১১৮ বলে ১৩৩ রানের দৌলতে দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ৩৫৭ রান। তেম্বা বাভুমা ২৪, ডেভিড মিলার ৩০ বলে ৫৩ রান করেন। হেইনরিখ ক্লাসেন ৭ বলে ১৫ ও এইডেন মার্করাম ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন। টিম সাউদি ২টি এবং ট্রেন্ট বোল্ট ও জিমি নিশাম ১টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের ম্যাচ বাকি ৪ নভেম্বর পাকিস্তান ও ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। দুটি ম্যাচে জিতলে কিউয়িরা সহজেই শেষ চারে যাবে। তবে একটি ম্যাচে পরাস্ত হলে তাকিয়ে থাকতে হবে নেট রান রেট ও অন্য ম্যাচের ফলাফলের দিকে। দক্ষিণ আফ্রিকার ম্য়াচ বাকি ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে।
৭ ম্যাচে ষষ্ঠ জয় ছিনিয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১ নম্বরে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রান রেট ২.২৯০। ভারত নেমে গেল দুইয়ে, ৬ ম্যাচে রোহিতদের পয়েন্ট ১২, নেট রান রেট ১.৪০৫। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইডেনেই নির্ধারিত হবে কোন দল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিতে যাবে। নিউজিল্যান্ড ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার পর চতুর্থ স্থানেই রইল। অজিদের পয়েন্টও ৮, তবে একটি ম্যাচ কম খেলেছে।












Click it and Unblock the Notifications