ICC CWC 2023: ইডেনে ভারত-দঃ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি নিয়ে এফআইআর, সিএবি-র প্রতিনিধিকে তলব ময়দান থানায়

ICC CWC 2023: কলঙ্কিত সিএবি। চলতি বিশ্বকাপে টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ সর্বত্র। তবে কোনও রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিকে তদন্তের স্বার্থে পুলিশের ডেকে পাঠানোর ঘটনা অন্যত্র হয়নি। যে লজ্জার সাক্ষী থাকতে হলো বাংলাকে।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৫ নভেম্বর। এই ম্যাচের টিকিট বিক্রিতে অস্বচ্ছতা-সহ গুরুতর অভিযোগ তুলে এক ব্যক্তি এফআইআর দায়ের করলেন ময়দান থানায়। যার ভিত্তিতে কালই তলব করা হলো সিএবির প্রতিনিধিকে। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে বুকমাইশোর প্রতিনিধিকেও।

ICC CWC 2023: ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট বিক্রি নিয়ে এফআইআর

ময়দান থানার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক ক্রিকেটপ্রেমী অনলাইন পোর্টালে টিকিট কাটার পদ্ধতিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বিসিসিআই, সিএবি ও বুকমাইশোর যোগসাজশে টিকিট সরিয়ে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষ নির্ধারিত পদ্ধতি মেনে টিকিট কাটতে পারছেন না। কালোবাজারিকে মদত দিতেই এটা করা হয়েছে বলে অভিযোগ।

এফআইআর দায়ের হওয়ার পরই সিএবি ও বুকমাইশোর কাছে নোটিশ পাঠিয়েছে ময়দান থানা। তদন্তে সহযোগিতা করার জন্য ডেকে পাঠানো হয়েছে সিএবি ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা অনলাইন পোর্টালের প্রতিনিধিদের, যাঁরা গোটা প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল। সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি থানায় যাবেন, নাকি অন্য কাউকে পাঠাবেন সেটা দেখার।

সিএবির তরফে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে সিএবির অন্দরমহলে বেশ কিছুদিন ধরেই টিকিট বণ্টন নিয়ে ঝড় চলছে। দুটি ম্যাচ হয়ে গেলেও মাঠ ভরেনি। আজীবন সদস্য-সহ সিএবির সদস্যরা সংবিধান অনুযায়ী টিকিট পাওয়ার দাবিদার হলেও তাঁরা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু সদুত্তর বা সহযোগিতা কোনওটিই মেলেনি।

এবারের বিশ্বকাপে আগাগোড়াই সিএবির প্রশাসনিক দক্ষতার অভাব প্রকট হয়েছে। যা কখনও ভাবাই যায়নি বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়াদের সময়ে। স্নেহাশিস যাঁদের উপর আস্থা রেখেছেন তাঁরাই তাঁকে ডোবাচ্ছেন বলে খবর। আইপিএলের সময় প্রেস বক্সের টিকিট ব্ল্যাক হয়েছিল। সেই ঘটনাও পুলিশকে না জানিয়ে ধামাচাপা দেওয়া হয়েছিল।

সেই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিলে বিশ্বকাপের আসরে পুলিশের তলব পাওয়ার লজ্জাজনক ঘটনা সিএবি এড়াতে পারতো বলেই মনে করছেন সিএবির অনেকে। কারও কথায়, টিকিট বিক্রিতে সিএবির কোনও হাত নেই। কিন্তু তার পাল্টা যুক্তিও আছে। বারবার সিএবিকে বলা হচ্ছিল কত টিকিট অনলাইনে গিয়েছে, কত টিকিট সদস্যরা পেতে পারেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে।

কিন্তু সিএবি সে পথে হাঁটেনি। বিধায়কদের টিকিট দেওয়ার জন্য সিএবি সভাপতিকে চিঠি দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ স্নেহাশিস বিধানসভায় গিয়ে ইতিবাচক বার্তা দেন। তারপরই এলো মোক্ষম ধাক্কা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রস্তুতির মধ্যেই এবার যে ছুটতে হবে থানায়। তবে কালোবাজারি ও বেটিং ঠেকাতে জোর ধরপাকড় চলছে।

গতকাল পুলিশ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০টি টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি একজনকে গ্রেফতার করেছে। আজও মহমেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কলকাতার কালীপদ মুখার্জি রোডের বাসিন্দা ২৪ বছরের গুঞ্জন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এআরএস ডিডি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ৯০০ টাকার টিকিট ৪ হাজার টাকায় বিক্রি করছিল। ১৬টি টিকিট পাওয়া যায় তার কাছ থেকে।

ধৃত জানাচ্ছে, সে মুম্বইয়ের দুই বাসিন্দার কাছ থেকে অনলাইনে টিকিটগুলি কিনেছিল। অন্যদিকে, কলকাতার গোল্ডেন পার্ক হোটেলে বেটিং চক্র চালানোর অভিযোগে হানা দেয় কলকাতা পুলিশ। সেখানে বিশ্বকাপের ম্যাচ নিয়ে রোজ বেটিং চলতো বলে দাবি পুলিশের। গোয়ালিয়রের বাসিন্দা সমীর খান ও দিল্লির বাসিন্দা মণীশকে হাতেনাতে ধরে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।

এরপর এই দুইজন কলকাতায় বসে ক্রিকেটের নানা টুর্নামেন্ট নিয়ে বেটিং চালায় বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি হোটেল থেকে দিল্লির আশিস বাত্রাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সকলেরই ৬ নভেম্বর অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(ছবি- সিএবি মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+