ICC CWC 2023: 'চেজমাস্টার' বিরাটের ক্যাচ মিসের মাশুল অস্ট্রেলিয়ার, দুরন্ত রাহুল, শ্রেয়সের সমালোচনায় যুবি
ICC CWC 2023: চিপকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ২ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছিল। সেখান থেকে অবস্থা সামাল দিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
এই দুই ব্যাটার ইতিমধ্যেই শতাধিক রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। তারই মধ্যে সামনে এলো বেশ কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান।

ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ৭৭ বলে ৮২। সেই রান এদিন টপকে যেতেই পারেন কোহলি। ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে আজও ভারত এগিয়ে চলেছে জয়ের দিকেই। বিরাট কোহলির পাশাপাশি চওড়া লোকেশ রাহুলের ব্য়াটও।
বিরাট আজ বিশ্বকাপে নবম অর্ধশতরান ইতিমধ্যেই পূর্ণ করে ফেলেছেন। বিরাটের আগে বিশ্বকাপে ৯টি করে অর্ধশতরান রয়েছে রোহিত শর্মা, ফাফ দু প্লেসি, স্টিভ স্মিথ, মার্টিন ক্রো, গ্রাহাম গুচ, জাভেদ মিঁয়াদাদ, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে ও সনৎ জয়সূর্যর। বিরাট শতরান পাবেন কিনা তা বলবে সময়ই।

একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট আজ ত্রয়োদশ অর্ধশতরান পেলেন। তাঁকে বলা হয় চেজমাস্টার। একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে ১৪৮টি ইনিংসে এই নিয়ে ৬৪ বার পঞ্চাশের বেশি রান করলেন কিং কোহলি। দলের ২০ রানের মাথায় তিনি জীবন পান। মিচেল মার্শ ক্যাচ মিস করেছিলেন। তার মাশুল দিচ্ছে অস্ট্রেলিয়া।
বিরাট কোহলি এদিন আইসিসি টুর্নামেন্টের সাদা বলের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মোট রানও টপকে গেলেন। ৬১ ম্যাচে সচিনের ছিল ২৭১৯ রান। বিরাট সেই নজির টপকে গেলেন তিন ফরম্যাটে ৬৭ ম্যাচ খেলে।
২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। যুবরাজ সিং হয়েছিলেন ম্যাচের সেরা। যুবি এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, বিরাট কোহলির ক্যাচ ফেলার খেসারৎ অজিদের দিতে হবে। কিংয়ের ক্যাচ ফেলা মোটেই উচিত নয়, কেন না তিনি একাই ম্যাচ বের করে দিতে সক্ষম।
No 4 batsman has to absorb the pressure !! Need better thinking from @ShreyasIyer15 when team is trying to rebuild their innings ! Still don’t understand why @klrahul is not batting at no 4 ! After scoring a 100 against Pakistan ! Dropping @imVkohli might cost australia big time…
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 8, 2023
শ্রেয়স আইয়ার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন। চারে নেমে শূন্য রান করেন। যুবরাজ এদিন শ্রেয়সের সমালোচনা করে বলেন, চার নম্বর ব্যাটারকে সব সময় চাপ আত্মস্থ করতে হবে। দল যখন ইনিংস গড়ছে তখন শ্রেয়সের ভাবনাচিন্তার উন্নতির প্রয়োজন। যুবি আরও লেখেন, আমি বুঝছি না পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পরেও কেন রাহুলকে চারে খেলানো হচ্ছে না।
লোকেশ রাহুল এদিন একদিনের আন্তর্জাতিকে ষোড়শ তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ অর্ধশতরানটি করেছেন। ওপেনার হিসেবে রাহুল একদিনের আন্তর্জাতিকে ৯ বার পঞ্চাশের বেশি স্কোর করেছেন ২৩টি ওডিআই ইনিংসে। তবে তার চেয়েও চমকপ্রদ পারফরম্যান্স চার ও পাঁচে ব্যাট করে। ৩৩ ইনিংসে আজকেরটা নিয়ে ১৩ বার পঞ্চাশোর্ধ্ব রান করলেন রাহুল।












Click it and Unblock the Notifications