Ind vs NZ In ICC CWC SF: ভারতকে সমীহ করেও হুঙ্কার উইলিয়ামসনের, সেমিফাইনালে কিউয়িদের একাদশ কেমন হবে?
ICC CWC 2023: আইসিসি ইভেন্টে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড সব সময়ই ভারতের কঠিন প্রতিপক্ষ। ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতেই ভারতকে হারিয়েছে কিউয়িরা। যদিও কালকের সেমিফাইনালেও ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে।
লিগ পর্বে ভারত যে ৯টি ম্যাচ জিতেছিল, তার মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালের আগে ভারতকে নিয়ে সমীহের সুর ধরা পড়েছে কেন উইলিয়ামসনের গলায়।

২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও জিততে পারেনি নিউজিল্যান্ড। একবার হেরেছে অস্ট্রেলিয়াকে। ২০১৯ সালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাউন্ডারির সংখ্যার নিরিখে পরাস্ত হতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন নিজের শেষ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে খেতাব জিততে বদ্ধপরিকর।
আপত্তি নেই আন্ডারডগ তকমাতেও। কিউয়ি অধিনায়ক আজ বলেন, এই বিষয়টি নিয়ে আপনাদের লেখালিখিতে বদল আসেনি। কিন্তু এই তকমা থাকলেও আমাদের অসুবিধা নেই। তাছাড়া ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। ভারত সেরা দলগুলির মধ্যে একটি। তবে আমরাও এটা জানি, নিজেদের দিনে ভালো ক্রিকেট খেললে জেতার সেরা সুযোগ আমরাও পাব। যা কিছুই হতে পারে।
আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে কয়েক মাসের জন্য ছিটকে যেতে হয়েছিল। হার্দিক বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন চোট পেয়েই। হার্দিকের অনুপস্থিতিতে ভারত যেভাবে খেলছে তার প্রশংসা করে উইলিয়ামসন বলেন, প্রতিটি দলেরই ভারসাম্য কিছুটা আলাদা হয়, তাতে আস্থা রাখে। হার্দিক না থাকায় সেই ভারসাম্যে বদল হলেও ফলাফলে সমস্যা হয়নি।
ভারত এবারের বিশ্বকাপে অপরাজেয়। নিউজিল্যান্ড প্রথম চারটি জেতে, তারপর চারটি হারে, শেষ ম্য়াচ জিতে শেষ দল হিসেবে শেষ চারে গিয়েছে। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে তিনি খুশি। ব্যাটে-বলে ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরছেন, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন তাতে খুশি কেন।
শ্রীলঙ্কা ম্যাচে যে দল নামিয়েছিল নিউজিল্যান্ড তাতে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তবে মার্ক চ্যাপম্যানের জায়গায় জিমি নিশামকে খেলানোর সম্ভাবনা রয়েছে। নিশাম কব্জির চোটের কারণে শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি। তবে আজ উইলিয়ামসন জানিয়েছেন, দলের সকলেই ফিট। ফলে নিশামের সম্ভাবনা উজ্জ্বল।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান বা জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।












Click it and Unblock the Notifications