ICC World Cup 2023: বিশ্বকাপে টিকিট-দুর্নীতি! ভদ্রলোকের খেলা মনে করিয়ে জয়ের বিসিসিআইকে বিঁধলেন জিগনেশ
ICC World Cup 2023: ভারত এবার বিশ্বকাপের আয়োজক দেশ। এককভাবেই। যদিও শুরু থেকেই হোঁচট খেয়ে টুর্নামেন্ট এগিয়ে চলেছে। বিশ্ব দরবারে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে রজার বিনি, জয় শাহদের বোর্ড।
উদ্বোধনী অনুষ্ঠান বাতিল ঘিরে শুরু। একটি ম্যাচেও মাঠ ভরেনি। সবচেয়ে বড় বিশ্বকাপে সবচেয়ে খারাপ দশা ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কতটা অপরিপক্কদের হাতে রয়েছে বিসিসিআই, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ১ লক্ষ ৩২ হাজার। যার এক তৃতীয়াংশের বেশি খালি ছিল উদ্বোধনী ম্য়াচে। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের ফাইনালিস্টরা। ফাঁকা গ্যালারি ছিল দীর্ঘক্ষণ। বিকেলের দিকে ড্যামেজ কন্ট্রোলে নামেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। কিছু ক্রিকেটপ্রেমী আসেন। কিন্তু সেই সংখ্যাটাও নেহাতই নগণ্য।
এরই মধ্যে সংবাদমাধ্যমে জানা যায়, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া উদযাপন করতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৪০ হাজার মহিলাকে বিনামূল্যে খেলা দেখতে আসার টিকিট দেওয়া হয়েছিল। ছিল মধ্যাহ্নভোজ, চায়ের ব্যবস্থাও। যদিও তারপরও ফাঁকাই থেকেছে গ্যালারি। আর এই টিকিট বিলি নিয়েই এবার তুঙ্গে বিতর্ক।

গুজরাতের বিধায়ক জিগনেশ মেবানি এক্স হ্যান্ডলে লিখেছেন, আমেদাবাদের উদ্বোধনী ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সিরিয়াস প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে বুকমাইশো-র মাধ্যমে যখন টিকিট বিক্রি হচ্ছিল তখন কয়েক মিনিট পরেই আসে সোল্ড আউট মেসেজ। অর্থাৎ টিকিট নিঃশেষিত। কিন্তু তারপর মাঠে কেন কয়েক হাজার মানুষই এলেন?
জিগনেশ লিখেছেন, সংবাদপত্রে পড়লাম সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়াকে সেলিব্রেট করতে বিজেপি নাকি ৪০ হাজার টিকিট মহিলাদের বিনামূল্যে বিলিয়েছে। এই ৪০ হাজার টিকিট এলো কোথা থেকে? এভাবে কি বিসিসিআই কোনও রাজনৈতিক দলকে টিকিট দিতে পারে? বিলটি সংসদে পাস হলো সেপ্টেম্বরের শেষে, টিকিট বিক্রি শেষ হয়েছিল ওই মাসের প্রথম সপ্তাহে!
The fiasco at the opening match of the World Cup in Ahmedabad raises many important and serious questions.
— Jignesh Mevani (@jigneshmevani80) October 6, 2023
When the sale of tickets went live on BookMyShow ahead of the tournament, the tickets were "sold off" within minutes. Then, how is it possible that just a few hundred… pic.twitter.com/9SQi4ZneBh
এই পরিস্থিতিতে মহিলাদের জন্য কোত্থেকে এই বিপুল পরিমাণ টিকিট এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন জিগনেশ। টিকিট বিক্রিতে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে জিগনেশ লিখেছেন, ক্রিকেটপ্রেমীদের অন্ধকারে রেখে দুষ্টচক্র সক্রিয়। যার শিকার হতে হয়েছে অগণিত ক্রিকেটপ্রেমীকে। ফ্রি টিকিট, স্ন্যাক কুপন পেয়েও মাঠে আসেননি মহিলারা।
জিগনেশের দাবি, উদ্বোধনী ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে বলে মহিলাদের ভুল বার্তা দেওয়া হয়েছিল। মাঠ ভরানোর লক্ষ্যেই এমনটা করা হয়েছিল। কিন্তু মহিলারা সেই ফাঁদে পা দেননি। জিগনেশ লিখেছেন, ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেটা বিসিসিআই মনে রাখুক। ক্রিকেটকে রাজনীতিমুক্ত না রাখলে আখেরে ক্রিকেটেরই বিপদ ঘনিয়ে আসবে।












Click it and Unblock the Notifications