ICC CWC 2023: বিশ্বকাপের জন্য় ভারতের দল ঘোষণা, রোহিতের নেতৃত্বে কারা নামবেন আইসিসি ট্রফির খরা মেটানোর লক্ষ্যে?
ICC CWC 2023: চমক ছাড়াই বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ১৫ সদস্যের দল বেছে নিলেন ভারতীয় নির্বাচকরা। ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই দলে প্রয়োজনীয় রদবদল করা যাবে আইসিসির অনুমতিসাপেক্ষে।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল বেছে নেওয়া হয়েছিল, এ ছাড়া ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছিল সঞ্জু স্যামসনকে। স্যামসন বিশ্বকাপের দলে নেই। এশিয়া কাপের মূল দল থেকে বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মা।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং আশাপ্রদ না হলেও গতকাল নেপালের বিরুদ্ধে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ম্যাচ জিতিয়ে দিয়েছেন। পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে ভারত বোলিং করতে পারেনি। গতকাল নেপাল ২৩০ রান তোলে। ভারতের ফিল্ডিং গতকাল ভালো হয়নি, খান তিনেক সহজ ক্যাচ পড়ে।
এশিয়া কাপের দল ঘোষণার সময় নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, ঘোষিত দল থেকেই বিশ্বকাপের জন্য ১৫ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। বিশেষজ্ঞরা অবশ্য দলে একজন বাঁহাতি পেসার ও যুজবেন্দ্র চাহালকে রাখার সওয়াল করছিলেন। কেন না, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল সকলেই বাঁহাতি স্পিনার।

জানা গিয়েছিল, এশিয়া কাপে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের পরই বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলা হয়। আজ সরকারিভাবে তা ঘোষণা করে দেওয়া হলো। লোকেশ রাহুল ম্যাচ খেলার মতো ফিটনেস লেভেলে পৌঁছে গিয়েছেন বলে দাবি করেন নির্বাচক প্রধান। তাঁর কথায়, অনেক নাম নিয়ে আলোচনা হতে পারে। তবে সব ভারসাম্য বজায় রেখেই দল গঠন হয়েছে।
রোহিত বলেন, ভারতের মতো দেশে প্রচুর ভালো ক্রিকেটার রয়েছেন। ফলে বিশ্বকাপের দলে কেউ না কেউ বাদ পড়বেন। বাদ গেলে যে মানসিক অবস্থা হয় সেটা আমি বুঝি। তবে সব সময় সুযোগের সদ্ব্যবহারের জন্য তৈরি থাকতে হবে। জাদেজার সঙ্গে অক্ষরকে রাখা হয়েছে যে ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে, সেটা স্পষ্ট করেছেন আগরকার। দলে অলরাউন্ডারদের উপস্থিতি আত্মবিশ্বাসী রাখছে রোহিতকে।
ভারতের বিশ্বকাপের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব












Click it and Unblock the Notifications