ICC CWC 2023: বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখায় জোর ভারতের, বাংলাদেশ ম্যাচের আগে একাদশ নিয়ে বিরাট ইঙ্গিত
ICC CWC 2023: কাল পুনেতে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখায় জোর দিচ্ছে ভারত। আফগানিস্তান ইংল্যান্ডকে এবং নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। ফলে ভারত সতর্ক থাকছে।
গতকালের পর আজও পুরোদমে অনুশীলন করলেন ক্রিকেটাররা। একাদশে ঘুরিয়ে-ফিরিয়ে কাউকে খেলানোর কথা নিয়ে এখনও আলোচনা হয়নি বলেই জানালেন বোলিং কোচ পরশ মামব্রে।

সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামির মতো ক্রিকেটারদের কালকের ম্যাচেও বাইরে থাকার ইঙ্গিত মিলেছে। ভারতীয় দল ঠিক করেছে, উইকেট দেখেই একাদশ গড়া হবে না। অপ্রয়োজনীয় রদবদলের পথে হাঁটা হবে না। ফর্মে থাকা যে তারকা ক্রিকেটারদের বাইরে থাকতে হচ্ছে, তাঁদের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মামব্রে আজ বলেন, যেভাবে শুরু করেছি আমরা সেটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। রোটেশন নিয়ে ভাবনাচিন্তা এখনও শুরু হয়নি। মোমেন্টাম ধরে রাখার লক্ষ্য নিয়েই সামনের ম্যাচে আমরা নামছি। সত্যি কথা বলতে গেলে যাঁদের বাইরে রাখতে হচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়। সংশ্লিষ্ট উইকেটে সেরা একাদশ নিয়ে নামার কথা আমরা সকলকেই বুঝিয়ে বলেছি।

দল যেটা ভাবছে তা নিয়ে কারও মনে যাতে ধোঁয়াশা না থাকে সেটা স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রত্যেকের দক্ষতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। কিন্তু যেহেতু ১১ জনের বেশি ক্রিকেটার নামানো যায় না, ফলে একাদশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন। অশ্বিন, শামির মতো সূর্যকুমারের মতো ৩৬০ ডিগ্রি প্লেয়ারকে বাইরে রাখাতেই ভারতীয় দলের শক্তিও বোঝা যাচ্ছে।
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তারপর দুটি ম্যাচে বাইরেই থাকতে হয়েছে। তবে একাদশে না থাকলেও অনুশীলনে খামতি রাখছেন না। সতীর্থদের নানা সহযোগিতা করে মেন্টরের ভূমিকাও নিচ্ছেন। অশ্বিনের এই ভূমিকার প্রশংসাও করেছেন মামব্রে।
সূর্যকুমারকে একাদশে কার পরিবর্তে খেলানো হবে সেটাই সবচেয়ে বড় মাথাব্যথার। তবে সময়-সুযোগমতো তিনি সুযোগ পাবেন বলেও জানান মামব্রে। ২০১৩ সাল থেকে পুনেতে ভারত ৭টি ওডিআই খেলেছে। জিতেছে চারটিতে। ২০২১ সালে এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই খেলে ভারত। প্রথম ও তৃতীয়টিতে জেতে, দ্বিতীয়টিতে হারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications