Ind vs NZ In CWC SF: নিউজিল্যান্ড বিপজ্জনক! মাইন্ড গেমে ভারতকে সাবধানবাণী টেলরের, বড় বাজি কে?
Ind vs NZ In CWC SF: ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর এবারও ফাইনালে ওঠার দ্বৈরথে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তবে পরিবেশ, পরিস্থিতি এবার অনেকটাই আলাদা। দুই দলেই অবশ্য এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা ম্যানচেস্টারে খেলেছিলেন।
এরই মধ্যে শুরু হয়ে গেল মাইন্ড গেম। ২০১৯ সালে নিউজিল্যান্ডকে কাপ জেতানোর ক্ষেত্রে অবদান রাখা রস টেলর রোহিত শর্মাদের জন্য শুনিয়ে রাখলেন সাবধানবাণী।

টেলর আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ২০১৯ সালে ভারত দারুণ ছন্দে থেকে সেমিফাইনালে গিয়েছিল। আমরা পাকিস্তানকে নেট রান রেটে পিছনে ফেলে উঠেছিলাম। এবার ভারত আরও ভালো খেলে, আরও বেশি ফেভারিট। একে দেশের মাটিতে খেলছে, সেই সঙ্গে সব ম্যাচেই ভালো খেলছে। তবে যখন হারানোর কিছু থাকে না, তখন নিউজিল্যান্ড কিন্তু বিপজ্জনক।
চলতি বিশ্বকাপেই কিউয়িদের হারিয়েছেন রোহিতরা। তবে এবার নক আউট ম্যাচ। রস টেলরের দাবি, ভারত যদি কোনও দলের বিরুদ্ধে নার্ভাস থাকে তাহলে সেটি হলো এই নিউজিল্যান্ড দল। টেলর আরও বলেছেন, মুম্বইয়ে হাই স্কোরিং ম্যাচ হয়। তবে নিউজিল্যান্ডকে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। উল্লেখ্য, আজ সন্ধ্যায় ওয়াংখেড়েতে অনুশীলন সারে কিউয়িরা।
টেলর বলেন, টস গুরুত্বপূর্ণ হবে। ব্যাটে কিংবা বলে যদি নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়, তাহলে তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। দুই ইনিংসের প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ। ভারতকে চাপে ফেলতে প্রথম ১০ ওভারে দুই-তিন উইকেট ফেলতে হবে। ভারত প্রথম তিন ব্যাটারের উপর অনেকটা নির্ভর করে। শুভমান গিল বিশ্বের ১ নম্বর, রোহিত শর্মা ও বিরাট কোহলি আছেন।
দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতের মিডল অর্ডারের উপর চাপ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ঊনিশের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান করা কিউয়ি ব্যাটার। ভারতের বোলারদের নিয়ে সতর্ক থাকার পরামর্শও দেন টেলর। বলেন, উইকেট ধরে রাখতে হবে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে উইকেট দেওয়া চলবে না।
ভারতীয় পেসাররা উইকেট পেলে স্পিনাররা আরও বিপজ্জনক হয়ে চাপে ফেলবেন বলে উপলব্ধি টেলরের। ফলে উইকেট ধরে রাখলে কিউয়িদের কাজটা সহজ হয়ে যাবে। টেলর বলেন, বুধবারের দিনটা রাচিন রবীন্দ্রর জন্য বড় দিন হতে চলেছে। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের মিশেলে তাঁর নামকরণ। ফলে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল স্পেশ্যাল হতে চলেছে।
রাচিনের প্রশংসা করে টেলর বলেন, টুর্নামেন্টে অনেক রান করতে পারেন এমন কাউকে দরকার ছিল। তবে রাচিন সেই দায়িত্ব পালন করবেন, সেটা অনেকেই ভাবেননি। আমার ভালো লেগেছে ওঁর খেলা। শুধু রান করেছেন বলে নয়, যেভাবে রান পেয়েছেন। তাঁর টেম্পো, শান্তভাবে ব্যাট করার দক্ষতা প্রশংসনীয়। চাপমুক্ত হয়ে ব্যাট করেন, সেটা আশা করি আগামী ম্যাচেও করবেন।
সেমিফাইনাল-সহ আগামী দিনেও দেশের হয়ে রাচিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা টেলরের। মাইকেল ব্রেসওয়েল থাকলে রাচিন হয়তো বিশ্বকাপে খেলতেই পারতেন না। ফলে বিষয়টি বেশ উপভোগ্য। ভাগ্য তাঁকে সঙ্গ দিয়েছে। টেলরের আশা সেমিফাইনালেও সেই লাক ফ্যাক্টর থাকবে কিউয়িদে সঙ্গে।












Click it and Unblock the Notifications