ICC CWC 2023: ঘিরে ধরে কুয়াশা যখন! বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা, ধরমশালায় থমকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
ICC CWC 2023: ধরমশালা চলতি বিশ্বকাপে বারবারই চলে আসছে চর্চায়। পাহাড়ে ঘেরা নয়নাভিরাম সৌন্দর্যের জন্য নয়। কখনও খারাপ আউটফিল্ডের কারণে। গতকাল ভারতীয় দলের নেট প্র্যাকটিস চলাকালীন মৌমাছি কামড়ায় ঈশান কিষাণকে।
আজ আচমকাই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা স্টেডিয়াম। ভারত তখন রান তাড়া করছে। যদিও কুয়াশার চাদরে স্টেডিয়াম মুড়ে যাওয়ায় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়।

ভারতের সামনে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্য়মাত্রা রেখেছে নিউজিল্যান্ড। ১৫.৪ ওভারে ভারতের স্কোর যখন ২ উইকেটে ১০০, তখন দুই দলের ক্রিকেটারদের ডেকে নেন আম্পায়াররা। সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকাতেই এই পদক্ষেপ। দৃশ্যমানতা ক্রমেই কমতে শুরু করেছিল।
কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেই সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। তাঁদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথাবার্তা চালাতে থাকেন আম্পায়াররা। বিরাট তখন ৭ ও শ্রেয়স ২১ রানে অপরাজিত ছিলেন। আম্পায়াররা কথা বলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের সঙ্গেও।

এরপর তাঁরা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কুয়াশার দাপট না কমলে খেলা শুরু করা যেত না। তাহলে ওই অবস্থায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হতো। ফলে ভারত অন্তত ২০ ওভার অবধি খেলা নিয়ে যেতে মরিয়া ছিল। ৭টা ৩৭ মিনিট নাগাদ মাঠের বাইরে যান ক্রিকেটাররা। সেই সময় ডিএলএস মেথড অনুযায়ী ভারত অনেকটাই এগিয়ে ছিল।
শুরু হয় হিসেবনিকেশ। যদি ২০ ওভারের খেলা হতো তাহলে ভারতকে ৪.২ ওভারে আর ২৪ রান তুলতে হতো। যদিও প্লেয়াররা মাঠ ছাড়ার একটু পর থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ৭টা ৪৯ মিনিট থেকে ফের খেলা শুরু হয়। ম্যাচের ওভার কমানোরও প্রয়োজন পড়েনি আর। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ১১.১ ওভারে ৭১।
বিশ্বকাপে এই প্রথম কুয়াশার কারণে ম্যাচ বন্ধ থাকলেও টেস্টে এমন নজির রয়েছে। ১৯৯৮-৯৯ মরশুমে পাকিস্তানে পাকিস্তান বনাম জিম্বাবোয়ে টেস্ট সিরিজে কুয়াশার দাপুটে প্রভাব দেখা গিয়েছিল।
ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে সাজঘরে ফেরান লকি ফার্গুসন। রোহিত ৪০ বলে ৪৬ ও শুভমান ৩১ বলে ২৬ রান করেছেন। শ্রেয়স আইয়ার ২৯ বলে ৩৩ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। ২১.৩ ওভারে ১২৮ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ে। শেষ পাওয়া খবরে স্কোর ৩২ ওভারে ৩ উইকেটে ১৮২। বিরাট কোহলি ৪৮ ও লোকেশ রাহুল ২৭ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications