ICC CWC 2023: ইডেনের প্রস্তুতিতে উচ্ছ্বসিত আইসিসির পিচ পরামর্শদাতা, সৌরভের অবদানের কথা তুলে ধরলেন সুজন
ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ইডেনের ম্যাচগুলি হবে। তবে এরই মধ্যে ইডেন যতটা প্রস্তুত হয়ে গিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করলেন আইসিসির পিচ পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন।
আজ সকালে তিনি ইডেন পরিদর্শনে আসেন। তাঁকে স্বাগত জানান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, চিফ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মদন মোহন ঘোষ।

অ্যাটকিনসন শেষবার ইডেনে এসেছিলেন ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের আগে। তখন সবে সিএবি সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ পিচ, আউটফিল্ড, নিকাশি বন্দোবস্ত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পুরো মাঠ ঢাকা-সহ যাবতীয় পরিকাঠামো দেখে তিনি কার্যত চমকে যান। কোন জাদুবলে ইডেন এভাবে দেশের কাছে দৃষ্টান্ত হয়ে উঠল সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন অ্যাটকিনসন।
সূত্রের খবর, অ্যাটকিনসনকে তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কথা জানান চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি বলেন, ইডেনে যে অত্যাধুনিক পরিকাঠামো তার পিছনে রয়েছে মহারাজকীয় মস্তিষ্ক। সৌরভের দিশাতেই পরবর্তীকালে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা ইডেনের উত্তরণের গ্রাফকে ঊর্ধ্বমুখী করেছেন। পিচ ও আউটফিল্ড তৈরির বিষয়ে সৌরভ এখনও গাইড করেন।

বিশ্বকাপ আয়োজনে যে কমিটি সিএবি গড়েছে তাতেও সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়াদের রেখে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে সিএবি। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজেও বড় মাপের ক্রিকেটার ছিলেন। প্রশাসক হিসেবেও তাই কোথায় কী দরকার তিনি ভালোভাবেই উপলব্ধি করছেন। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের সময় সৌরভ ছিলেন সিএবি সভাপতি, এবার তাঁর দাদা স্নেহাশিস।
স্নেহাশিসের সঙ্গেও এদিন দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন অ্যাটকিনসন। ইডেন যে বিগত কয়েক বছর ধরে দেশের সেরা মাঠের শিরোপা পাচ্ছে সেই তথ্যও অজানা নয় আইসিসি পিচ পরামর্শদাতার কাছে। তবে বারবারই তিনি বিস্ময় প্রকাশ করেন এই কয়েক বছরে ইডেনের পিচ, আউটফিল্ড, নিকাশি-সহ যাবতীয় পরিকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন দেখে।
কয়েক দিন আগে বিশ্বকাপের খেলাগুলি যে মাঠগুলিতে হবে সেখানকার পিচ কিউরেটরদের সঙ্গে মুম্বইয়ে বৈঠক করেছিলেন অ্যাটকিনসন। এখন নিজে বিভিন্ন স্টেডিয়ামে ঘুরে দেখছেন। পারিবারিক কারণে সুজন মুখোপাধ্যায় যেতে পারেননি মুম্বইয়ের বৈঠকে। তবে যাবতীয় গাইডলাইন জেনে নিয়েছেন। সেইমতোই প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক ম্য়াচের নিয়ম মেনে রেডি রাখা হবে চারটি পিচ।
সিএবি সূত্রের খবর, অ্যাটকিনসন এদিনও বলে গিয়েছেন স্পোর্টিং পিচ তৈরির কথা। তাঁর দেওয়া গাইডলাইন মেনেই চলবে পিচ তৈরির প্রস্তুতি। সিএবি কর্তাদের উপস্থিতিতেই মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেও তাঁদের উৎসাহিত করে যান আইসিসির পিচ পরামর্শদাতা। বিশ্বকাপের আগে ফের তিনি আসতে পারেন বলে জানা গিয়েছে।
(ছবি- সিএবি ফেসবুক)












Click it and Unblock the Notifications