ICC CWC 2023: সচিনের টিপস নিয়েই ইতিহাস ইব্রাহিম জাদরানের, অস্ট্রেলিয়া ম্যাচে শতরান হাঁকিয়ে টপকালেন কোহলিকে
ICC CWC 2023: সচিন তেন্ডুলকরের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইব্রাহিম জাদরান। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়ে।
আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে শতরান হাঁকিয়ে দলকে পৌঁছে দিলেন ভালোরকম লড়াইয়ের জায়গায়। সেই সঙ্গে টপকে গেলেন বিরাট কোহলির নজিরও।

বিশ্বকাপে এতদিন পর্যন্ত আফগান ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৯৬ রান ছিল সামিউল্লাহ শিনওয়ারির। ২০১৫ সালের বিশ্বকাপে। পাকিস্তান ম্যাচে ৮৭ রান করা জাদরান সেদিন শিনওয়ারির নজির টপকাতে না পারলেও আজ গড়লেন নয়া ইতিহাস। ৬টি চারের সাহায্যে ৬২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শতরান আসে ১৩১ বলে, সাতটি চারের সাহায্যে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। ওপেনার জাদরান অপরাজিত রইলেন ১৪৩ বলে ১২৯ রান করে। মেরেছেন আটটি চার ও তিনটি ছয়। আফগানিস্তান ৫০ ওভারে তুলল ৫ উইকেটে ২৯১। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। শেষ ৫ ওভারে আফগানিস্তান ১ উইকেটের বিনিময়ে তোলে ৬৪ রান।
জশ হ্যাজলউড ২টি এবং মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট দখল করেন। জাদরানের শতরানের পর আফগানিস্তানের হয়ে সর্বাধিক রান করেছেন রশিদ খানই। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে শতরানকারীদের তালিকায় ইব্রাহিম জাদরান রইলেন চার নম্বরে। টপকে গেলেন বিরাট কোহলির কীর্তি।
আয়ারল্যান্ডের পল স্টার্লিং বিশ্বকাপে প্রথম শতরান করেন ২০ বছর ১৯৬ দিনের মাথায়। ২০১১ সালে ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ২১ বছর ৭৬ দিনের মাথায় বিশ্বকাপে প্রথম শতরান হাঁকান অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৯৯৬ সালে জয়পুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্দো রয়েছেন তিনে।
ফার্নান্দো ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেন ২১ বছর ৮৭ দিনের মাথায়। জাদরানের আজ বয়স ২১ বছর ৩৩০ দিন। বিরাট কোহলি ২০১১ সালের বিশ্বকাপে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। বিরাটের সেদিন বয়স ছিল ২২ বছর ১০৬ দিন।












Click it and Unblock the Notifications