ICC CWC 2023: হার্দিক জন্মদিনে বল হাতে সফল, চোট নিয়ে উদ্বেগ কাটিয়ে খোলসা করলেন পুত্রর দেওয়া উপহারের কথা
ICC CWC 2023: আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আজ আবার হার্দিক পাণ্ডিয়ার জন্মদিন।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে গৌতম গম্ভীরের সঙ্গে দেখা গেল বার্থ ডে বয়কে। আফগান ইনিংসে দ্বিতীয় আঘাতটি হেনেছেন হার্দিক। জন্মদিনের প্ল্যান থেকে আঙুলের চোট, হার্দিক জবাব দিলেন নানা প্রশ্নের।

গম্ভীরের সঙ্গে দাঁড়িয়ে কেক কাটার পর হার্দিক বলেন, জন্মদিন সেভাবে উদযাপনের কোনও পরিকল্পনা নেই। ঘুম থেকে ওঠার সময় আমার পুত্র একটি বোর্ড উপহার দিয়েছে। কয়েক দিন আগেই সে বোর্ডটি বানিয়েছিল। নিশ্চিতভাবেই এই উপহারটি আমার কাছে বড় চমক। সতীর্থরা সকলেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
ভারত আজ জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসতে পারে। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে হার্দিক বলেন, আমরা ভালো বোলিং করেছিলাম। চাপ বজায় রেখেছি। সঠিক জায়গায় বোলাররা বল ফেলেছেন। কন্ডিশনের সামগ্রিক ফায়দা তুলতে আমরা সফল হয়েছি। তবে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় চাপ তৈরি হয়েছিল। তবে তা দারুণভাবে সামলেছেন বিরাট ও রাহুল।
অজিদের বিরুদ্ধে বাজিমাতে বোলারদের পাশাপাশি বিরাট ও রাহুলের অবদানকেই কৃতিত্ব দিচ্ছেন হার্দিক। ওই ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। ডেভিড ওয়ার্নারের শট হাতে লেগেছিল। রক্তপাত হতেই ফিজিওকে ডাকতে হয়। হার্দিকের কথায়, জীবনে প্রথম অত জোরে বল লাগল। যার জেরে বেশি বল করতে পারিনি, রক্তও ঝরছিল।

তবে এখন আঙুলের চোট নিয়ে সমস্যা নেই। আজ নিজের বোলিং ও ফিল্ডিংয়ের দিকেও তাই সতর্ক নজর থাকছে হার্দিকের। দেশের মাটিতে বিশ্বকাপ। প্রত্যাশার চাপ থাকবেই। হার্দিক বলেন, দেশের মাটিতে বিশ্বকাপ খেলা নিঃসন্দেহে স্পেশ্যাল। প্রচুর ভালোবাসা পাচ্ছি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনাও অনুপ্রাণিত করছে মেন ইন ব্লুকে।
এদিকে, আফগানিস্তান প্রথম ম্যাচের তুলনায় যথেষ্ট ভালো ব্য়াটিং করছে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার করা ১৯৯ রানও টপকে যাবে সবকিছু ঠিকঠাক চললে। ৬.৪ ওভারে ৩২ রানে ইব্রাহিম জাদরানের উইকেট হারিয়েছিল আফগানিস্তান। আফগান ওপেনার ২৮ বলে ২২ করে জসপ্রীত বুমরাহর শিকার হন।
৬৩ রানে পড়ে দুটি উইকেট। ১২.৪ ওভারে হার্দিক পাণ্ডিয়া সাজঘরে ফেরান রহমানুল্লাহ গুরবাজ (২৮ বলে ২১)-কে। ১৩.১ ওভারে রহমত শাহ ২২ বলে ১৬ করে শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হন। শেষ পাওয়া খবরে আফগানিস্তানের স্কোর ৩০ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান।












Click it and Unblock the Notifications