ICC CWC 2023: হার্দিকের অনুপস্থিতিতে কাদের ভারতের একাদশে চান হরভজন? সাফল্যের রহস্য ফাঁস কুলদীপের
ICC CWC 2023: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। প্রথম চারটি ম্যাচেই জয় পেয়েছে। ব্যাটাররা রান পাচ্ছেন। ফিল্ডিংয়ের মানেরও অনেক উন্নতি হয়েছে। চমকপ্রদ সাফল্য পাচ্ছেন বোলাররাও।
কাল ধরমশালায় অবশ্য ভারতের কম্বিনেশনে বদল আনতেই হচ্ছে। হার্দিক পাণ্ডিয়া গোড়ালির চোটের কারণে নিউজিল্যান্ড ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন। কে হতে পারেন উপযুক্ত বিকল্প? তা নিয়েই চলছে চর্চা।

এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কুলদীপ যাদবের ঝুলিতে রয়েছে ৬ উইকেট। মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ডিয়া তুলে নিয়েছেন পাঁচটি করে উইকেট। চার ম্য়াচে ভারতীয় বোলাররা ৩৬ উইকেট তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে ভারত গুটিয়ে দিয়েছে দুশোর কমেই।
কুলদীপ যাদব আইসিসিকে বলেন, প্রথম পাওয়ারপ্লেতে ভালো বোলিং করা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজটা দারুণভাবে করছেন সিরাজ ও বুমরাহ। শুধু উইকেটই তুলে নিচ্ছেন না। প্রতিপক্ষের রান তোলার গতিতে রাশ টানছেন। এর ফলে তাঁর ও রবীন্দ্র জাদেজার পরিকল্পনা মোতাবেক বোলিং করাটা সহজ হয়ে যাচ্ছে বলেও জানান কুলদীপ।
বাংলাদেশ ওপেনাররা ভালো শুরু করেছিলেন। সেই ম্যাচে পাওয়ারপ্লেতে উইকেট আসেনি। কিন্তু বাকি সব ম্যাচেই শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরছে ভারত। কুলদীপ আরও জানিয়েছেন, তিনি ও জাদেজা বিশেষ কিছুই করছেন না। শুধু লেংথ ও লাইন ঠিক রাখাতেই ফোকাস থাকছে।
বিশ্বকাপে যে পিচগুলিতে ভারত খেলছে তারও প্রশংসা করেছেন কুলদীপ। বজায় রাখতে চাইছেন সাফল্যের ধারা। মাঝের ওভারগুলির শুরুতেই কয়েকটি দ্রুত উইকেট তুলে নেওয়াই মূল লক্ষ্য। এতে বোলারদের আত্মবিশ্বাস বাড়ে বলেও মন্তব্য কুলদীপের। সেই সঙ্গে গুরুত্ব দিচ্ছেন রান রেটে রাশ টানাতেও।
হার্দিক পাণ্ডিয়া বাংলাদেশ ম্য়াচে তিন বল করার পরই মাঠ ছাড়েন। তাতে অবশ্য তাঁর অভাব বিশেষ অনুভূত হয়নি। কিন্তু নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ। হরভজন সিং বলেছেন, হার্দিক পাণ্ডিয়া ফিট না থাকলে তা ভারতের কাছে বড় ইস্যু। তিনি থাকাতেই একাদশে ভারসাম্য বজায় রাখা সহজ হয়। না হলে একাদশে রদবদলের দরকার পড়ে।
ধরমশালার উইকেটে পেসারদের সাফল্যের ধারা বজায় থাকছে বিশ্বকাপেও। কালকের ম্যাচে তাই শার্দুল ঠাকুরের জায়গায় মহম্মদ শামিকে খেলানোর পরামর্শ দেন ভাজ্জি। শামি, বুমরাহ, সিরাজ, সেই সঙ্গে জাদেজা ও কুলদীপের স্পিন। অবশ্য তাতে ভারতের ব্যাটিং লেজ একটু বড়ই হবে।

ভাজ্জি একটি সর্বভারতীয় চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শার্দুলকে অলরাউন্ডার হিসেবে খেলানো হচ্ছে। কিন্তু শামিকে দলে নিয়ে সলিড ১০ ওভার সুনিশ্চিত হবে। হার্দিকের অনুপস্থিতিতে ব্যাটিং শক্তি বাড়াতে সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণকে একাদশে রাখার পরামর্শও দেন হরভজন। রোহিতরা কি সে পথে হাঁটবেন?












Click it and Unblock the Notifications