Ind vs Aus In CWC 2023 Final: ভারতের কে কামিন্সের কাছে 'বিগ থ্রেট'? বিশ্বকাপে সেরার দৌড়ে কারা?
Ind vs Aus In CWC 2023 Final: ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন, ভারত দুবারের। তবে এবারের বিশ্বকাপে অপরাজেয় রোহিত শর্মারাই কালকের ম্যাচে ফেভারিট।
চেন্নাইয়ে ভারত লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার অজিদের হারিয়েই ২০০৩-র পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ বর্তমানে বিশ্বের ১ দলের কাছে। অজি শিবিরে যে কাঁপুনি রয়েছে, তা বোঝা গেল অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেই।

তবে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার থেকে শুরু করে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব নন, অস্ট্রেলিয়া শিবির ভয় পাচ্ছে একজনকেই। গুজরাত টাইটান্সের হয়ে খেলার সৌজন্যে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেই ক্রিকেটারের কাছে ঘরের মাঠ। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।
প্যাট কামিন্স আজ সাংবাদিকদের বলেন, মহম্মদ শামি বিগ থ্রেট! ভারতীয় দল সব বিভাগেই দারুণ খেলছে। এই অবস্থায় পিচ নিয়ে বিশেষ কিছু ভাবছেন না কামিন্স। তিনি বলেন, দুই দলের কাছেই পিচ সমান। তবে নিজেদের দেশে খেলা হলে সংশ্লিষ্ট দেশ কিছুটা সুবিধা পায়, এটা নতুন নয়। তবে আমরাও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছি।
ফাইনালে ভারতকে এতটুকু জমি ছা়ড়তে নারাজ কামিন্সরা। অস্ট্রেলিয়া দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁদের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। অজি অধিনায়ক বলেন, ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। ২০১৫ সালে বিশ্বকাপ জেতা ৬-৭ জন আমাদের এই দলে রয়েছেন। তাঁরা জানেন বিশ্বকাপে কোন মানসিকতা নিয়ে খেলতে হয়।
নির্ভীক ক্রিকেট খেলেই ফাইনালে বাজিমাতের পরিকল্পনা কামিন্সের। এরই মধ্যে, বিশ্বকাপে নিজেদের পছন্দের ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ ক্রিকেটপ্রেমীদের দিল আইসিসি। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স উপহার দেওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে ফ্যান্স প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট বেছে নিতেই এই পদক্ষেপ।
মহম্মদ শামি চলতি বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী। তিনটি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। তাঁর সঙ্গে এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন বিরাট কোহলি (৭১১ রান), রোহিত শর্মা (৫৫০ রান), জসপ্রীত বুমরাহ (১৮ উইকেট), ড্যারিল মিচেল (৫৫২ রান), নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (৫৭৮ রান, ৫ উইকেট), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৩৯৮ রান ও ৫ উইকেট) ও অ্যাডাম জাম্পা (২২ উইকেট), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৫৯৪ রান)।












Click it and Unblock the Notifications