Ind vs Aus In CWC 2023 Final: বিশ্বকাপে বিরাট কীর্তি কোহলির, প্রথম ভারতীয় হিসেবে নাম লেখালেন এলিট লিস্টে
Ind vs Aus In CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েও তা শতরানে রূপান্তরিত করতে পারলেন না বিরাট কোহলি। তবে তারই মধ্যে গড়ে ফেললেন দুটি অনন্য নজির।
চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন বিরাট কোহলিই। ১১ ম্যাচে ৭৬৫ রান করলেন, গড় ৯৫.৬২, স্ট্রাইক রেট ৯০.৩১। তিনটি শতরান ও ৬টি অর্ধশতরানের সৌজন্যে। আর এই রান কারও টপকানোর ক্ষমতা নেই এবার।

বিশ্বকাপের কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি সেমিফাইনালেই সচিন তেন্ডুলকরের থেকে ছিনিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে একই বিশ্বকাপে সাতশো রান পূর্ণ করেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়েই। আজ বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৭৫০ রানও পেরিয়ে গেলেন।
বিশ্বকাপের ফাইনালে এখনও অবধি কোনও শতরান নেই ভারতের কোনও ব্যাটারের। একই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে বিরাট কোহলিই প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশের বেশি রান করার নজির গড়লেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কিউয়িদের বিরুদ্ধে করেছিলেন ১১৭ রান। আজ ৫৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন।
সাজঘরে ফিরলেন প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে। বিরাটের নামের পাশে তখন চারটি বাউন্ডারি দিয়ে সাজানো ৬৩ বলে ৫৪ রান। এই ইনিংস ভারতকে লড়াইয়ে রাখল। স্লো পিচে ১০৯ বলে ৬৭ রান যোগ হলো বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জুটিতে।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ৫০-এর বেশি রান করার নজির আগে ছিল ইংল্যান্ডের মাইক ব্রিয়ারলি (১৯৭৯), অস্ট্রেলিয়ার ডেভিড বুন (১৯৮৭), পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ (১৯৯২), শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা (১৯৯৬), নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট (২০১৫) ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের (২০১৫)। বিরাটের নাম এবার উচ্চারিত হবে তাঁদের সঙ্গেই।
বিশ্বকাপে টানা পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রান করার কীর্তির নিরিখে বিরাট অবশ্য সবাইকে পিছনে ফেলেছেন। তিনিই বিশ্বের প্রথম ব্যাটার যিনি দুটি বিশ্বকাপে এই নজির গড়লেন। ২০১৯ সালের বিশ্বকাপের পর ২০২৩ সালেও তিনি একই মাইলস্টোন স্পর্শ করলেন। বিশ্বকাপে টানা পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন স্টিভ স্মিথও।












Click it and Unblock the Notifications