Ind vs Aus CWC 2023 Final: আমেদাবাদে ভারত বিশ্বকাপে অপ্রতিরোধ্য! ফাইনালের আগে কোন পরিসংখ্যান স্বস্তিতে রাখছে?
Ind vs Aus CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। ১৯৮৪ সালে মোতেরায় এই দুই দলই প্রথম ওডিআই খেলেছিল।
আজকের ফাইনাল আমেদাবাদের মোতেরায় এই দুই দেশের মধ্যে চতুর্থ ওডিআই। ভারত নামছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই। ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখানে পারস্পরিক শেষ দ্বৈরথে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।

আমেদাবাদে ভারত আজ ২০তম ওডিআই খেলতে নামছে। সংস্কারের পর নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এই প্রথম ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোনও ফাইনাল ম্যাচ হচ্ছে। আমেদাবাদে এখনও অবধি ভারত ১৯টি ম্য়াচ খেলেছে। তার মধ্যে জিতেছে ১১টিতে। পরাজয় ৮টিতে।
অস্ট্রেলিয়া আমেদাবাদে খেলেছে ৬টি ম্যাচ। জিতেছে চারটিতে। ২টিতে হেরেছে। ১৯৮৬ সালে প্রথমবার হারে, তারপর ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। যদিও আমেদাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই জয় ছিনিয়ে নিয়েছিল অজিরা। চলতি বিশ্বকাপে ৪ নভেম্বর আমেদাবাদে ইংল্যান্ডকে ৩৩ রানে হারায় অজিরা।
ভারত এখানে অস্ট্রেলিয়াকে প্রথমবার অজিদের হারিয়েছিল ৫২ রানে। ২০১১ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জয় এসেছিল ৫ উইকেটে। ভারত আমেদাবাদে শেষবার ওডিআইয়ে পরাস্ত হয়েছিল ১২ বছর আগে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে পরাস্ত হয়েছিল মেন ইন ব্লু।
২০১৪ সাল থেকে আজ অবধি আমেদাবাদে টানা ওডিআই জিতে এসেছে ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এখনও অবধি টানা চারটি ম্যাচ জিতেছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের তিনটি ম্যাচে যথাক্রমে ৬ উইকেটে, ৪৪ রানে ও ৯৬ রানে হারিয়েছিল। চলতি বিশ্বকাপে পাকিস্তানকে ভারত হারায় ৭ উইকেটে।
২০১৪ সালে শ্রীলঙ্কাকে ভারত ৬ উইকেটে হারিয়েছিল। তারপর থেকে আমেদাবাদে ওডিআইয়ে অপ্রতিরোধ্য ভারত। বিশ্বকাপে এখনও অবধি মোতেরায় ভারত তিনটি ম্যাচ খেলেছে। জিতেছে তিনটিতেই। ১৯৮৭ সালের বিশ্বকাপে এখানে জিম্বাবোয়েকে ৭ উইকেটে হারিয়েছিল কপিল দেবের ভারত। ২০১১ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অজিদের বিরুদ্ধে জেতে। এরপর চলতি বিশ্বকাপে জয় পাকিস্তানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications