Ind vs Aus CWC 2023 Final: গেরুয়া গ্যালারিতে নীল সমুদ্র, দর্শক সংখ্যার বিশ্বরেকর্ড! কোন দলের কতটা লক্ষ্মীলাভ?
Ind vs Aus CWC 2023 Final: আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে পারস্পরিক দ্বৈরথে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিধর দেশ।
অস্ট্রেলিয়া এবার নামছে ২০১৫ সালের পর ফের ৫০ ওভারের বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেনি অজিরা। ভারত ফাইনালে খেলতে নামছে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে ফাইনাল অবধি পৌঁছতে পারেনি ভারত। ২০ বছর আগে পরাজয়ের বদলানিতে মুখিয়ে টিম ইন্ডিয়া।

২০১৫ সালের পুরুষদের বিশ্বকাপ ফাইনাল মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে বসে দেখেছিলেন ৯৩ হাজার ১৩ জন। সেই রেকর্ড এদিন ভেঙে দিতে চলেছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। এখানে দর্শকাসন রয়েছে ১ লক্ষ ৩২ হাজার। ফলে আইসিসি বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখার নিরিখে সর্বকালীন রেকর্ড গড়বে আমেদাবাদ। গ্যালারিতে ইতিমধ্যেই নীল সমুদ্র দেখা যাচ্ছে।
চলতি বছর আইপিএল ফাইনালে হাজির ছিলেন ১ লক্ষ ১০ হাজারের বেশি সমর্থক। পুরুষদের কোনও ক্রিকেট ম্যাচে এর চেয়ে বেশি দর্শক আগে কোথাও হয়নি। সেই রেকর্ডও ভেঙে যাচ্ছে আজ বিশ্বকাপ ফাইনালে।
২০১৯ সালের বিশ্বকাপে যা পুরস্কারমূল্য ছিল এবার তা অপরিবর্তিত রেখেছে আইসিসি। ফলে আজ যে দলই জিতবে তারা পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার। লর্ডসে চার বছর আগে সুপার ওভার টাই হওয়ার পর বাউন্ডারি বেশি মারার নিরিখে নিউজিল্যান্ডকে হারিয়ে এই পরিমাণ প্রাইজমানিই করায়ত্ত করেছিল ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে চার মিলিয়ন ডলার পাবে চ্যাম্পিয়নরা। রানার-আপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার বা ২০ লক্ষ মার্কিন ডলার। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে গেলেও প্রত্যেকে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে। লিগ পর্বের শেষে বিদায় নেওয়া ৬টি দলের প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল ১ লক্ষ মার্কিন ডলার করে।
লিগ পর্বের ম্যাচগুলিতে বিজয়ী প্রতিটি দল পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে। ফলে ভারত আজ টানা ১১টি ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলে মোট ৪.৩৬ মিলিয়ন মার্কিন ডলার জিতবে পুরস্কারমূল্য থেকেই। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সেই পরিমাণ দাঁড়াবে ৪.২৮ মিলিয়ন মার্কিন ডলার। অজিরা প্রথম ২টি ম্যাচে হেরেছিল, এরপর টানা ৮টিতে জিতেছে।












Click it and Unblock the Notifications