ICC World Cup 2023 Final: ভারত বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ল খেলা শুরুর আগেই, ফাইনালের প্রথম সব কিছু একনজরে
ICC World Cup 2023 Final: বিশ্বকাপ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলেরই প্রথম একাদশ অপরিবর্তিত রয়েছে। রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে তিনি ব্যাটিং নিতেন। বড় রান তোলাই লক্ষ্য।
ভারত আজ তৃতীয়বার বিশ্বকাপ জিতবে, নাকি ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ ঘরে তুলবে অজিরা, তা স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। তবে প্রথম বলটি পিচে পড়ার আগেই বিশ্বকাপে নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলল।

চেন্নাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত খেলিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। জল্পনা ছিল, আজ একাদশে অশ্বিনকে ফেরানো হবে কিনা তা নিয়েই। অজিদের বিরুদ্ধে ভারতের অভিজ্ঞ অফ স্পিনার কার্যকরী হতে পারেন বলে অনেকেই মতামত ব্যক্ত করেছিলেন। যদিও সে পথে হাঁটেনি ভারত। আর তাতেই হলো নয়া বিশ্বরেকর্ড।
বিশ্বকাপে আজকের আগে পর্যন্ত কোনও দেশ টানা ৭ ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখেছে, এমন নজির নেই। ভারত ফাইনাল খেলতে নামল টানা সাত ম্যাচে একই একাদশ ধরে রেখে। এতে ভেঙে গেল নিউজিল্যান্ডের কীর্তি। ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ড তাদের প্রথম ৬টি ম্যাচে নেমেছিল একই দল নিয়ে।
আজকের বিশ্বকাপ ফাইনালে টস জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করছে ভারত। প্রথম ওভারটি করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই লেগ বিফোরের আবেদন ওঠে। কিন্তু ভারতের কোনও বিপদ ঘটেনি। প্রথম রানটি আসে দ্বিতীয় বলে। প্রথম ওভারে ভারত তোলে বিনা উইকেটে ৩ রান।
১.২ ওভারে এবারের বিশ্বকাপ ফাইনালে প্রথম চারটি মারেন রোহিত শর্মা। বোলার জশ হ্যাজলউড। তার পরের বলেও চার মারেন হিটম্যান। ৩.৫ ওভারে হ্যাজলউডের বলেই ফাইনালের প্রথম ছক্কাটি মারেন ভারত অধিনায়ক। ফাইনালে ভারতের প্রথম উইকেটটি পড়ে ৪.২ ওভারে ৩০ রানে। মিচেল স্টার্কের বলে আউট হন শুভমান গিল।
গিল শুরু থেকেই অস্বস্তিতেই ছিলেন। ভাগ্যের সহায়তা পেলেও বড় ইনিংস খেলতে পারলেন না বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার। মিড-অনে অ্যাডাম জাম্পার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন ৭ বলে ৪ রান করে। তবে ভারত যে বড় রান তুলতে মরিয়া তা বোঝা গিয়েছে রোহিত শর্মার আগ্রাসী মেজাজ দেখেই। তিনি বড় শট খেলতে পিছপা হচ্ছেন না। ছন্দে বিরাট কোহলিও। ভারত সপ্তম ওভারে ১৪ রান নেয়। এঅ ওভারটি করেন স্টার্ক। ৬.৩ ওভারেই পঞ্চাশ রানে পৌঁছে যায় মেন ইন ব্লু।
শুরু থেকেই মাঠে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাবেন। অমিত শাহর কাছাকাছিই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications