ICC World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টিকিট বিলিয়েও ফাঁকা গ্যালারি! হাসির খোরাক আইসিসি-বিসিসিআই
ICC World Cup 2023: আজ থেকে বিশ্বকাপ শুরু হলো। শুরুতেই হোঁচট। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত বিশ্বকাপের ফাইনালিস্টদের দ্বৈরথ চলছে কার্যত ফাঁকা গ্যালারিতে।
যার জেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হচ্ছে সমালোচনা। ক্রিকেটপ্রেমীদের কটাক্ষ-বাণে বিদ্ধ আইসিসি ও বিসিসিআই।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হয়েছে আগেই। রজার বিনি বিসিসিআই সভাপতি হলেও মূল মাতব্বর তো বিসিসিআই সচিব জয় শাহ। ক্যাপ্টেনস ডে-তে গতকাল আমেদাবাদে ছিলেন ১০ দলের অধিনায়ক। তাঁদের নিয়ে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করতে হয়। তাতে জয় শাহরা এমনিতেই হাসির খোরাক হয়েছিলেন।
আজ নমো নমো করে বিশ্বকাপের উদ্বোধন হয়। সচিন তেন্ডুলকর যখন বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করলেন তখন গ্যালারির অবস্থা তথৈবচ। ইডেনে কলকাতা লিগের খেলা দেখতে এর থেকে বেশি লোক হয়। চলতি বিশ্বকাপকেই সবচেয়ে বড় বলে চিহ্নিত করছে আইসিসি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হলো উদ্বোধন।
তবে প্রচারের ফানুসে যে সাধারণ মানুষ ভোলেননি তা বোঝা গেল উদ্বোধনী ম্যাচেই। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামের এক-চতুর্থাংশও ভরেনি। বিকেলের দিকে কিছু দর্শক আসেন। কিন্তু বারেবারে ফাঁকা গ্যালারির ছবি যেভাবে বিশ্বের সামনে উপস্থাপিত হলো তা লজ্জা বাড়ানোরই মতো। হোমওয়ার্কে ডাহা ফেল অপরিণত কর্তাদের হাতে থাকা বিসিসিআই!

জানা যাচ্ছে, মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস হয়ে যাওয়াকে উদযাপন করতে আজকের ম্যাচে ৩০ থেকে ৪০ হাজার মহিলাকে বিনামূল্য়ে টিকিট প্রদানের বন্দোবস্ত করা হয়েছিল। চা, মধ্যাহ্নভোজের কুপনও বিলি করা হয়েছিল। কিন্তু কোথায় গেলেন সেই সংখ্যক মহিলারাই। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ১০০ দিনের কাজের লোকদের দিয়েও মাঠ ভরাতে পারতেন জয় শাহ!
নেটপাড়াতেও সমালোচিত হচ্ছে আইসিসি ও বিসিসিআই। একজন ক্রিকেটপ্রেমী লিখেছেন, মাঠে দর্শক কোথায়? এক ক্রিকেট ভক্ত লিখেছেন, এই ম্য়াচের টিকিটই না মুহূর্তে সোল্ড আউট হয়ে গিয়েছিল! অর্থাৎ টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে এখনও মানুষের মনে সংশয় রয়েছে। তা থাকাও স্বাভাবিক। আমেদাবাদের পরিবর্তে মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলা হলে আজ অনেক বেশি দর্শক সমাগম হতো বলেও নেটপাড়ায় দাবি জনৈক ক্রিকেট-ভক্তের।
এদিকে, আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড শেষ পাওয়া খবরে ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে। এবারের বিশ্বকাপের প্রথম অর্ধশতরান হাঁকিয়ে জো রুট করেছেন ৭৭। অধিনায়ক জস বাটলার ৪৩ রান করেন। গ্লেন পিলিপস ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications