ICC World Cup 2023: ডেভিড ওয়ার্নার ছুঁলেন বিরাট কোহলির নজির, রোহিত শর্মার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কীভাবে?
ICC World Cup 2023: বিশ্বকাপে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম শতরান। চলতি বিশ্বকাপে প্রথম।
মিচেল মার্শের সঙ্গে জুটিতে বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও উইকেটের পার্টনারশিপে সর্বাধিক রান যোগ করেছেন ওয়ার্নার। তারই ফাঁকে গড়লেন একাধিক নজির।

পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে তিনি টানা চারটি একদিনের আন্তর্জাতিকে শতরান করলেন। ২০১৭ সালে সিডনিতে ১১৯ বলে ১৩০, অ্যাডিলেডে ১২৮ বলে ১৭৯ এবং টনটনে ২০১৯ সালে ১১১ বলে ১০৭ রান করেছিলেন ওয়ার্নার। ঊনিশের পর তেইশের বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ফের শতরান করলেন ওয়ার্নার (১২৪ বলে ১৬৩)।
এই শতরানে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলির নজির। একই প্রতিপক্ষের বিরুদ্ধে টানা চারটি ওডিআই শতরান রয়েছে বিরাট কোহলিরও। ২০১৭ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ১১১ রানে। এরপর ২০১৮ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গুয়াহাটিতে ১০৭ বলে ১৪০, বিশাখাপত্তনমে ১২৯ বলে অপরাজিত ১৫৭ ও পুনেতে ১১৯ বলে ১০৭ রান করেন কোহলি।
একদিনের আন্তর্জাতিকে দেড়শো বা তার বেশি রান ৮ বার করেছেন রোহিত শর্মার। ওয়ার্নার এদিন ওডিআইয়ে সপ্তমবার দেড়শো পার করলেন। ফলে রোহিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও ক্রিস গেইল ৫ বার করে একদিনের আন্তর্জাতিকে দেড় শতাধিক রান করেছেন।

কেরিয়ারের ২১তম ওডিআই শতরানটির মাধ্যমে তিনি স্পর্শ করলেন রস টেলর ও হারশেল গিবসের কীর্তি। সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও তিলকরত্নে দিলশান ওডিআইয়ে ২২টি করে শতরান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ১৮ হাজার ক্লাবের সদস্যও হয়েছেন ওয়ার্নার। স্টিভ ওয়া ও রিকি পন্টিং অজিদের মধ্যে ওয়ার্নারের আগে এই মাইলস্টোন স্পর্শ করেছেন।
বিশ্বকাপে এটি ডেভিড ওয়ার্নারের পঞ্চম শতরান। ছুঁলেন রিকি পন্টিং ও কুমার সঙ্গকারার নজির। তবে ওই দুজনের থেকে কম ম্য়াচে পাঁচটি শতরান করায় বিশ্বকাপে সর্বাধিক শতরানকারীদের তালিকায় তিনে রয়েছেন ওয়ার্নার। তাঁর কুঁচকির চোট নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলেও ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে জানালেন অজি ওপেনার।
ওয়ার্নার উপভোগ করেছেন আজ মিচেল মার্শের সঙ্গে পার্টনারশিপ। গতকাল অনুশীলনে উপলব্ধি করেছিলেন ভালো ছন্দে থাকার কথা। আজ ব্যাটের মাঝখান দিয়ে শট খেলতেই আত্মবিশ্বাস বাড়ে। ওয়ার্নার জানিয়েছেন, আমি ও মার্শ ঠিক করেছিলাম অন্তত ৩৫ ওভার ক্রিজে থাকার।












Click it and Unblock the Notifications