ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম শতরানটি হাঁকালেন কনওয়ে, ওডিআই সেঞ্চুরিতে নজির রাচিন রবীন্দ্ররও
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপের প্রথম শতরানটি এলো ডেভন কনওয়ের ব্যাট থেকে। এমনকী কনওয়ের মতোই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি খেলছেন রাচিন রবীন্দ্র। তিনি এদিন ওডিআই কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটিও পেলেন।
বিশ্বকাপে কনওয়ে-রবীন্দ্র জুটি নিউজিল্যান্ডের হয়ে নতুন রেকর্ডও গড়ে ফেলল। ১৯৯৬ সালে লি জার্মন-ক্রিস হ্যারিস জুটির রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন এই দুই ব্যাটার।

১.১ ওভারে ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়েছিল। স্যাম কারানের বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন উইল ইয়ং। তারপর থেকে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন কনওয়ে ও রবীন্দ্র। দুজনেই অর্ধশতরান পূর্ণ করতে নেন ৩৬ বল। রবীন্দ্র পর কনওয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু শতরানে কনওয়েই আগে পৌঁছন।
কনওয়ে চলতি বছরের জানুয়ারিতেই ইন্দোরে ভারতের বিরুদ্ধে ১৩৮ রান করেছিলেন। কেরিয়ারের পঞ্চম তথা ভারতের মাটিতে দ্বিতীয় শতরানটি কনওয়ে পূর্ণ করলেন মাত্র ৮৩ বলে। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে। দ্বিতীয় উইকেট জুটিতে কনওয়ে ও রবীন্দ্র ২০০ রান তুলে ফেলেন ১৭১ বল খেলেই। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই শতরান কনওয়ের।

ওয়েলিংটনে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬, কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১১ ও করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ১০১ রান করেছিলেন কনওয়ে। কনওয়ে চলতি বছরে এদিন চতুর্থ ওডিআই শতরানটি পেয়ে গেলেন।
রাচিন রবীন্দ্র শতরান পূর্ণ করতে নিলেন ৮২ বল। তখনও অবধি তাঁর নামের পাশে ৯টি চার ও চারটি ছয়। বছর ২৩-এর রবীন্দ্র আজ ওডিআই কেরিয়ারের ত্রয়োদশ ম্যাচ খেলছেন। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬১ রান করেছিলেন গত মাসেই। সেটিই এতদিন ছিল তাঁর সর্বাধিক রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর এদিন শতরানটিও পেয়ে গেলেন রবীন্দ্র। হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কিউয়ি অলরাউন্ডার ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ হিসেবে শতরান হাঁকালেন ২৩ বছরের রবীন্দ্র। বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ অভিষেকেই শতরান পেলেন।
২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ বলে শতরান করেছিলেন। সেই রেকর্ডটি এদিন প্রথম কনওয়ে ভাঙেন, ৮৩ বলে শতরান করে। একটু পরেই রেকর্ডটি রবীন্দ্র নিজের দখলে নিয়ে নেন, ৮২ বলে শতরান করে। তাও আবার কেরিয়ারের নবম ওডিআই ইনিংসে।












Click it and Unblock the Notifications