ICC CWC 2023: বিশ্বকাপের ৪ লক্ষ টিকিট বিক্রির সিদ্ধান্ত বিসিসিআইয়ের, কখন থেকে কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা?
ICC CWC 2023: বিশ্বকাপের টিকিট কাটতে গিয়ে সিংহভাগ ক্রিকেটপ্রেমীকেই বিফল মনোরথে ফিরতে হয়েছে। অনলাইনে সঠিক সময়ে লগ ইন করে লাইনে অপেক্ষার পর দেখতে হয়েছে সোল্ড আউট, অর্থাৎ টিকিট নিঃশেষিত হওয়ার বার্তা।
এরই মধ্যে কয়েকটি ওয়েবসাইটে লক্ষ লক্ষ টাকায় টিকিট কাটার হাতছানি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। সমালোচনার মুখে পড়ে অবশেষে টিকিট বিক্রি নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই।

বিশ্বকাপের আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যা ক্রিকেটপ্রেমীরা কাটতে পারবেন শুক্রবার ভারতীয় সময় রাত ৮টা থেকে। টিকিটের চাহিদার কথা মাথায় রেখেই এই সংখ্যক টিকিট বিক্রির পদক্ষেপ দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার।
যে ১২টি স্টেডিয়ামে খেলা হবে সেই রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে কথা বলেই বিসিসিআই জানিয়েছে, প্রায় ৪ লক্ষ টিকিট বিক্রি করা হবে। ২০১১ সালের পর এই প্রথম দেশের মাটিতে হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। ২০১৬ সালে হয়েছিল টি ২০ বিশ্বকাপ। স্টেডিয়ামগুলিতে যাতে বেশি সংখ্যক ক্রিকেটপ্রেমী হাজির থাকতে পারেন তা সুনিশ্চিত করতে চায় আয়োজক বোর্ড।

বিশ্বজুড়েই টিকিটের ব্যাপক চাহিদা। ফলে এই ৪ লক্ষ টিকিটও যে নিমেষেই উড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন ম্যাচের কত সংখ্যক টিকিট বিক্রি হবে তা বোর্ডের তরফে জানানো হয়নি। ইতিমধ্যেই বেঙ্কটেশ প্রসাদের মতো কিছু প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা দাবি জানিয়েছেন, টিকিট বিক্রির তথ্য প্রকাশ করতে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
বিশ্বকাপের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে বুকমাইশো। তাদের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট বিক্রি শুরু হতেই কীভাবে সোল্ড আউট হয়ে যায়, তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এরই মধ্যে বোর্ডের নয়া সিদ্ধান্ত।
টিকিট কাটতে https://tickets.cricketworldcup.com লিঙ্কে যেতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। সব ম্যাচেরই টিকিট মিলিয়ে এই ৪ লক্ষ টিকিট বলে জানানো হয়েছে। পরের ধাপে আবার কবে টিকিট বিক্রি হবে তা পরে জানানো হবে বলে বিসিসিআইয়ের প্রেস বিবৃতিতে উল্লেখ রয়েছে।












Click it and Unblock the Notifications