ICC World Cup 2023: ইংল্যান্ড ওডিআইয়ে গড়ল নয়া বিশ্বরেকর্ড! বিশ্বকাপের প্রথম সব কিছু একনজরে
ICC World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচেই একদিনের আন্তর্জাতিকে নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলল জস বাটলারের দল।
১ থেকে ১১ নম্বর পর্যন্ত সমস্ত ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছেছেন এমন নজির আজকের আগে ওডিআইয়ে কখনও ছিল না।

এবারের বিশ্বকাপের প্রথম টসটি জেতেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। চোটের কারণে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন এই ম্যাচে খেলতে পারেননি। আমেদাবাদের স্টেডিয়াম নরেন্দ্র মোদীর নামাঙ্কিত হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের ম্যাচ হচ্ছে।
অন ফিল্ড আম্পায়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ভারতের নীতিন মেননষ টিভি আম্পায়ার অস্ট্রেলিয়ার পল উইলসন, রিজার্ভ আম্পায়ার বাংলাদেশের শরফুদৌল্লা, ম্যাচ রেফারি ভারতের জাভাগল শ্রীনাথ। এবারের বিশ্বকাপের প্রথম ওভারটি করতে যান ট্রেন্ট বোল্ট। প্রথম বলটিই ডট বল হয়, অর্থাৎ এই ডেলিভারিতে জনি বেয়ারস্টো রান নিতে পারেননি।
এবারের বিশ্বকাপের প্রথম রানটি আসে ওভার বাউন্ডারি থেকে। ওভারের দ্বিতীয় বলটিতেই ছক্কা হাঁকান জনি বেয়ারস্টো। এই ওভারের পঞ্চম বলে আসে প্রথম বাউন্ডারি। সেই বেয়ারস্টোই চার মারেন। ৭.৪ ওভারে ৪০ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। ডেভিড মালানকে ফিরিয়ে বিশ্বকাপের প্রথম উইকেটটি দখলে নেন ম্যাট হেনরি।
বিশ্বকাপের প্রথম রিভিউটি নেয় নিউজিল্যান্ড। মালানের বিরুদ্ধে আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ধর্মসেনা। রিভিউ নেয় কিউয়িরা। যদিও আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। চলতি বিশ্বকাপের প্রথম অর্ধশতরানটি হাঁকান জো রুট। গত বছরের জুলাই মাসে শেষবার ওডিআই হাফ সেঞ্চুরি এসেছিল রুটের ব্যাট থেকে। তারপর এদিনই হাফ সেঞ্চুরি পেলেন।

এবারের বিশ্বকাপের প্রথম ক্যাচটি ধরেছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার টম লাথাম। প্রথম বোল্ড হলেন মঈন আলি। জনি বেয়ারস্টো ৩৩, ডেভিড মালান ১৪, জো রুট ৭৭, হ্যারি ব্রুক ২৫, মঈন আলি ১১, জস বাটলার ৪৩, লিয়াম লিভিংস্টোন ২০, স্যাম কারান ১৪, ক্রিস ওকস ১১ রান করেন। আদিল রশিদ ১৫ ও মার্ক উড ১৩ রানে অপরাজিত থাকেন।
কিউয়ি বোলাররা মাত্র ৬টি ওয়াইড বল করেছেন। বাকি কোনও অতিরিক্ত রান নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে কারা জয় ছিনিয়ে নেবে তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই। চলতি বিশ্বকাপে প্রথম শতরানটি হাঁকান নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৩ বলে পূর্ণ করেছেন শতরান।












Click it and Unblock the Notifications