ICC CWC 2023: বিশ্বকাপে আগেও অঘটনের শিকার হয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান মনে করাল ১২ বছর আগের দুঃস্বপ্ন
ICC CWC 2023: এই প্রথম একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। তাও আবার তারা যখন বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপে এই প্রথম কোনও টেস্টখেলিয়ে দেশকে হারাল আফগানরা।
২০১৫ সালে স্কটল্যান্ডের পর এবার ইংল্যান্ডকে হারানো। নিঃসন্দেহে আফগান ক্রিকেটের পক্ষে আজ স্মরণীয় দিন। অন্যদিকে, ইংল্যান্ড শিবির দ্রুত আজকের রাত ভুলতে চাইবে। কেন না, তাদের তাড়া করবে এগারোর স্মৃতি।

২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে পরাস্ত হয়েছিল আয়ারল্যান্ড ও বাংলাদেশের কাছে। সেগুলিও ছিল অঘটন। তবে এবারের বিশ্বকাপে ফরম্যাট বদলেছে। সব দল সবার বিরুদ্ধে খেলছে। সেরা চার দল যাবে সেমিফাইনালে। ইংল্যান্ডের এই পরাজয় আশার আলো ফেলল অস্ট্রেলিয়া, পাকিস্তানের উপর।
২০১১ সালের বিশ্বকাপের ১৫তম ম্যাচে ২ মার্চ বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। বেঙ্গালুরুতে সেই ম্যাচে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল। ৮ উইকেটে ৩২৭ রান তুলেও জিততে পারেনি অ্যান্ড্রু স্ট্রসের দল। ৫ বল বাকি থাকতে আইরিশরা ৩ উইকেটে জিতেছিল ম্য়াচের সেরা কেভিন ও'ব্রায়েনের ৬৩ বলে ১১৩ রানে ভর করে।
এরপর বাংলাদেশে গিয়ে ইংল্যান্ড ধাক্কা খায়। বিশ্বকাপের ২৮তম ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। সেই ম্যাচে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়ে ৪৯.৪ ওভারে ইংল্যান্ডকে থামিয়ে দেয় ২২৫ রানে। শাকিব আল হাসান, আবদুর রজ্জাক ও নঈম ইসলাম দুটি করে উইকেট নেন। জবাবে ১ ওভার বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। ৬০ রান করা ইমরুল কায়েস হন ম্যাচের সেরা।
২০১১ সালের বিশ্বকাপে কলম্বোয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয় ইংল্যান্ড। ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। আজকের পরাজয়ের পর জস বাটলার বলেন, টস জিতে ফিল্ডিং নেওয়ার পর এই ফলাফল হতাশাজনক। আফগানিস্তানকে অভিনন্দন।

ব্যাটিং, বোলিংয়ে পরিকল্পনার যথাযথ প্রয়োগ ঘটাতে না পারাতেই পরাজয় বলে মানছেন বাটলার। আফগানিস্তানের বোলিংয়ের প্রশংসা করেছেন। যতটা শিশির পড়বে বলে ভেবেছিলেন সেটাও হয়নি। এই হার থেকে শিক্ষা নিয়ে কোন কোন ক্ষেত্রে উন্নতি জরুরি তা চিহ্নিত করবেন বলে জানালেন ইংল্যান্ড অধিনায়ক। তবে এই ধরনের হার যে যন্ত্রণার তাও উঠে এসেছে বাটলারের কথায়। বিশেষ করে বোলিংয়ে উন্নতির প্রয়োজনীয়তাও অনুভব করছেন।
এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮২ বল বাকি থাকতে ৯ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর বাংলাদেশকে জস বাটলাররা হারান ১৩৭ রানে। আজ আফগানদের কাছে হার। ইংল্যান্ডের কাজটা কঠিন হওয়ার কারণ নেদারল্যান্ডস বাদে বাকি শক্তিশালী দলগুলির বিরুদ্ধেই তাদের ম্যাচ বাকি।












Click it and Unblock the Notifications