ICC CWC 2023: সচিনই এনার্জির সিক্রেট! মুম্বইয়ে বিধ্বংসী আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাসের হাতছানি
ICC CWC 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার একদিনের আন্তর্জাতিক জেতার গন্ধ পাচ্ছে আফগানিস্তান। আজ বিশ্বকাপের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হয়েছে আফগানিস্তান।
অজিদের সামনে জয়ের জন্য ২৯২ রানের টার্গেট রেখে প্রথম পাওয়ারপ্লে-র মধ্যেই চারজন অস্ট্রেলীয় ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছে হাশমাতুল্লাহ শাহিদির দল।

এখনও অবধি অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান। ফলে আজ যদি আফগানরা জেতে তা হবে ইতিহাস। ভারত অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি বলেছেন, বিশ্বকাপের কোনও দলের জয়কে তিনি অঘটন বলে মনে করেন না। কেন না, বিশ্বকাপের আসরে সব দলই আসে জয়ের লক্ষ্যে। রোহিতের কথার রেশ ধরেই বলতে হয়, আফগানিস্তানও যথেষ্ট ভালো খেলছে।
অঘটন হতে পারে একটি বা দুটি জয়। কিন্তু আফগানিস্তান চলতি বিশ্বকাপে তো জায়ান্ট কিলার। এখনও খেলার অনেকটা বাকি। তবে স্পিনাররা আক্রমণে আসার আগে পেস ব্যাটারি দিয়েই অজিদের উপর চাপ বাড়িয়েছে আফগানিস্তান। ফলে জয় এলে তা অঘটন নয়, ভালো খেলে যোগ্য দল হিসেবেই জিতবে। এখনও অবধি অ্যাডভান্টেজ আফগানিস্তান।
অস্ট্রেলিয়া তিনটি সাক্ষাতে তিনবারই আফগানিস্তানকে হারিয়েছে। প্রথমবার ২০১২ সালের অগাস্টে। আফগানিস্তান পূর্ণ সদস্য দেশ হওয়ার মর্যাদা পাওয়ার অনেক আগে। সেই ম্যাচটি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। অস্ট্রেলিয়া জিতেছিল ৬৬ রানে। বাকি দুটি ম্য়াচে জয় আসে বিশ্বকাপের আসরে।
২০১৫ সালের বিশ্বকাপে পারথে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে পরাস্ত হয়েছিল আফগানিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে ব্রিস্টলে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। তবে আজ যে লড়াই কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে প্যাট কামিন্সের দল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে।
Sachin is the secret of their energy. 🔥 pic.twitter.com/PrmqZMVIie
— Lucknow Super Giants (@LucknowIPL) November 7, 2023
২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৬৯। ডেভিড ওয়ার্নার ১৮, ট্রাভিস হেড ০, মিচেল মার্শ ২৪, মার্নাস লাবুশেন ১৪ ও জশ ইনগ্লিস ০ রানে আউট হয়ে গিয়েছেন। নবীন উল হক ও আজমাতুল্লাহ ওমরজাই নিয়েছেন ২টি করে উইকেট। লাবুশেন রান আউট হন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯১ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ১২৯ রানে অপরাজিত থাকেন। ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন রশিদ খান। উল্লেখ্য, গতকাল আফগানিস্তান দলকে পেপ টক দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। আলাদা করে কথা বলেন নবীন ও ইব্রাহিমের সঙ্গে। আজ ইব্রাহিম ও নবীনের পারফরম্যান্স দেখে লখনউ সুপার জায়ান্টস টুইটে লেখে, আফগানিস্তানের এনার্জির সিক্রেট সচিন!












Click it and Unblock the Notifications