ICC World Cup 2023: বিশ্বকাপে শতরানের ধামাকায় নয়া নজির, সর্বকালীন রেকর্ড ভাঙার জোরালো সম্ভাবনা
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে এখনও অবধি ৯টি ম্যাচ হয়েছে। যা লিগ ম্যাচের এক-পঞ্চমাংশ। তারই মধ্যে সাতটি দেশের মোট ১১ জন ব্যাটার শতরান হাঁকিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড।
এই ধারা অব্যাহত থাকতে এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি শতরানের নজিরের সাক্ষী থাকতে পারে। ইতিমধ্যেই চারটি সংস্করণের শতরানের সংখ্যা পিছনে পড়ে গিয়েছে সেঞ্চুরির ফুলঝুরিতে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট শতরান হয়েছিল ৩৮টি। ২০১৯ সালের বিশ্বকাপে সেই সংখ্যাটি ছিল ৩১। ২০১১ সালের বিশ্বকাপে ২৪টি শতরান দেখা গিয়েছিল। ২০০৩ সালের বিশ্বকাপে ২১টি ও ২০০৭ সালের বিশ্বকাপে ২০টি শতরান হয়েছিল। ১৯৯৬ সালের বিশ্বকাপে শতরানের মোট সংখ্যা ছিল ১৬। ১৯৮৭, ১৯৯৯ সালে ১১টি শতরান এসেছিল, যা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে চলতি বিশ্বকাপ।
১৯৮৩ ও ১৯৯২ সালের বিশ্বকাপে ৮টি করে শতরান হয়েছিল। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে সেই সংখ্যাটি ছিল ৬। সবচেয়ে কম শতরান হয়েছিল ১৯৭৯ সালের বিশ্বকাপে, মাত্র ২টি। ৯টি ম্যাচের পর শতরানের সংখ্যার নিরিখে চলতি বিশ্বকাপের ধারেকাছে নেই কোনও সংস্করণ। ২০০৩ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচের পর শতরান হয়েছিল ৭টি।
২০১১ ও ২০১৫ সালে পাঁচটি, ১৯৭৫, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬ ও ২০০৭ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচের পর শতরানের সংখ্যা দাঁড়িয়ে ছিল চারে। ১৯৭৯, ২০১৯ ও ১৯৮৩ সালে সেই সংখ্যাটি ছিল ২টি করে। ১৯৯৯ সালে একটি। ওডিআই টুর্নামেন্ট বা সিরিজে সবচেয়ে কম ম্যাচে হওয়া শতরানের নিরিখে চলতি বিশ্বকাপ রয়েছে দ্বিতীয় স্থানে।
২০১৬ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৫ ম্যাচে ১০টি শতরান হয়েছিল। এবার লেগেছে ৮টি ম্যাচ। ২০০৮ সালের এশিয়া কাপে ৯টি, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩টি ও ২০০২-০৩-এ অস্ট্রেলিয়ায় ভিবি সিরিজে ১৪টি ম্যাচ লেগেছিল ১০টি শতরানের জন্য।

চলতি বিশ্বকাপে প্রথম শতরানটি করেন ডেভন কনওয়ে (অপরাজিত ১৫২), ইংল্যান্ডের বিরুদ্ধে। আমেদাবাদে ওই ম্যাচেই শতরান হাঁকান রাচিন রবীন্দ্র (অপরাজিত ১২৩)। দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুইন্টন ডি কক (১০০), রাসি ভ্যান ডার ডুসেন (১০৮) ও এইডেন মার্করাম (১০৬) শতরান হাঁকান। বিশ্বকাপে কোনও ইনিংসে তিন শতরান এটাই প্রথমবার।
ধরমশালায় ইংল্যান্ডের ডেভিড মালান বাংলাদেশের বিরুদ্ধে করেন ১৪০। হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে মোট চারটি শতরান হয়। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১২২) ও সাদিরা সমরবিক্রমা (১০৮) শতরান করার পর পাকিস্তানের আবদুল্লাহ শফিক (১১৩) ও মহম্মদ রিজওয়ান (অপরাজিত ১৩১) সেঞ্চুরি হাঁকিয়ে দলকে রেকর্ড জয় এনে দেন।
এইডেন মার্করাম বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক হয়েছেন। এরপর কুশল মেন্ডিস ৬৫ বলে শতরান করে চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। সেই নজির গতকাল রোহিত শর্মা ভেঙে দিয়েছেন। তিনি ৬৩ বলে শতরান করেছেন আফগানিস্তানের বিরুদ্ধে। কপিল দেবের ৪০ বছরের পুরানো রেকর্ড ভেঙে বিশ্বকাপে ভারতীয় হিসেবে দ্রুততম শতরান হাঁকিয়েছেন।












Click it and Unblock the Notifications