অস্ট্রেলিয়াকে মাত্র ২৪৩ রানে আটকে রাখল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আঁটোসাঁটো বোলিং করল নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আঁটোসাঁটো বোলিং করল নিউজিল্যান্ড। শক্তিশালী অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপকে মাত্র ২৪৩ রানে আটকে রাখল কিউয়ি বোলাররা। এদিন লর্ডসের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করে অস্ট্রেলিয়াকে আটকে রাখেন কিউয়ি বোলাররা।

ডেভিড ওয়ার্নার ১৬, অ্যারন ফিঞ্চ ৮ রান করে ফেরেন। তিন নম্বরে নামা উসমান খোয়াজা একদিক ধরে ব্যাটিং করলেও অন্যদিকে মিডল অর্ডারে কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। স্টিভ স্মিথ মাত্র ৫ রান করে ফেরেন। মার্কাস স্টইনিস শুরু করেও ২১ রান করে ফেরত যান।
ব্যাট হাতে এদিন চূড়ান্ত ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল। করেন মাত্র ১ রান। সাত নম্বরে নামা অ্যালেক্স ক্যারি ৭১ রান করে যান। তবে নিউজিল্যান্ড বোলারদের মধ্যে শেষ ওভারে চমক দেন ট্রেন্ট বোল্ট। ৫০ তম ওভারে তিনি হ্যাটট্রিক করেন।
বোল্ট পরপর ফিরিয়ে দেন মিচেল স্টার্ক, উসমান খোয়াজা ও জেসন বেহেরনডর্ফকে। সবমিলিয়ে ৯ উইকেটে মাত্র ২৪৩ রানে ইনিংসে ইতি টানে অস্ট্রেলিয়া। কিউয়ি বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ৫১ রানে ৪ উইকেট নেন। এছাড়া ফার্গুসন ও নিশম দুটি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications